রাঙ্গামাটিতে সাংবাদিকের পরিবারে পুলিশি হয়রানি

জমিজমা ক্রয়-বিক্রয় সংক্রান্ত মামলায় রাঙ্গামাটিতে একটি সাংবাদিক পরিবারকে পুলিশী হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে। কোতোয়ালি থানা এলাকায় বসবাসরত সাংবাদিক মনসুর অভিযোগ করেন, কাঠালতলীতে একটি জমি তাদের আত্মীয় মমতাজউদ্দীনের কাছে বিক্রি করার উদ্দেশ্যে নোটারী পাবলিক কার্যালয়ে একটি বায়নানামা করা হয় এবং প্রাপ্য বাকি টাকা ৩ মাসের মধ্যে পরিশোধ করার অপর একটি বায়নানামা করা হয়। কিন্তু মমতাজ ঠিক সময়ে বাকি টাকা পরিশোধ করতে না পারায় এ নিয়ে তাদের মধ্যে সমস্যা শুরু হয়। এর জের ধরে কোতোয়ালী থানায় সাংবাদিক পরিবারটির নামে মিথ্যা অভিযোগ করা হয়। বিষয়টি সাংবাদিক মনসুর কোতোয়ালী থানার কর্মকর্তা সাইফুল ইসলামকে অবহিত করেন। কিন্তু সঠিক কাগজপত্র দেখানোর পরও তিনি নোটিস দিয়ে হয়রানি শুরু করেন। এ পর্যন্ত মোট ৩টি পুলিশী নোটিস দেয়া হয়েছে যা সম্পূর্ণ এক তরফাভাবে হয়েছে বলে মনসুর অভিযোগ করেন।