বিশ্বনাথে বাল্য বিয়ে বন্ধ : কনের চাচার কারাদণ্ড
বিশ্বনাথ (সিলেট) সংবাদদাতা
প্রকাশ : ২১ অক্টোবর ২০১৩, ২২:১৫
সিলেটের বিশ্বনাথে একটি বিয়ের সকল আয়োজন সম্পন্ন হওয়ার পর কনের বয়স কম হওয়ায় বিপত্তি বাধে। প্রশাসনের পক্ষ থেকে বাল্য বিবাহ থেকে বিরত থাকার জন্য বার বার তাগিদ সত্ত্বেও রবিবার উপজেলা সদরের একটি কমিউনিটি সেন্টারে এ বিয়ের আয়োজন করা হয়। বিয়ের খবর পেয়ে শনিবার রাতেই উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে ভঙ্গ হয় বাল্য বিয়ে। এসময় ভ্রাম্যমাণ আদালত কনের (স্কুল ছাত্রী) চাচা আব্দুল আহাদকে অপ্রাপ্ত বয়স্ক মেয়ের বিয়ের আয়োজন করার অপরাধে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়।
জানা গেছে, উপজেলার জয়নগর গ্রামের সৌদি আরব প্রবাসী দুদু মিয়ার মেয়ে সিপা (১৪) নানার বাড়ি বড়খুরমা গ্রামে থেকে স্থানীয় তাহির আলী উচ্চ বিদ্যালয়ে ১০ম শ্রেণিতে লেখাপড়া করে। কিছুদিন পূর্বে পারিবারিকভাবে সিপা বেগমের সাথে একই উপজেলার শেখেরগাঁও (পৌদনাপুর) গ্রামের মছদ্দর আলীর পুত্র জানু মিয়ার বিয়ে ঠিক হয়। বিষয়টি তাত্ক্ষণিকভাবে সিপা তার বিদ্যালয়ের শিক্ষকদের জানায়। পরে বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় সচেতন লোকজন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। শনিবার রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আমিরুল কায়সার ও বিশ্বনাথ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিয়ে বন্ধের ব্যবস্থা করেন।