গফরগাঁওয়ে কর্মকর্তা অভাবে
শিক্ষা কার্যক্রম ব্যাহত
আতাউর রহমান মিন্টু, গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা
প্রকাশ : ২১ অক্টোবর ২০১৩, ২২:১৫
ময়মনসিংহের গফরগাঁওয়ে সহকারী থানা শিক্ষা কর্মকর্তার ১০ পদের মধ্যে ৮টি পদ দীর্ঘদিন ধরে শূন্য। এতে উপজেলার ২৩৬টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। উপজেলার ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ২২৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২টি কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় ও ৫টি উচ্চ বিদ্যালয় সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
এসব প্রাথমিক বিদ্যালয়ে ১ম থেকে ৫ম শ্রেণী পর্যন্ত ৭২ হাজার শিশু পড়ালেখা করে। কর্মরত শিক্ষকের সংখ্যা ৯০৬ জন। প্রাথমিক বিদ্যালয়গুলোতে সুষ্ঠু পাঠদান কার্যক্রম পরিচালনায় সহায়তা ও বিভিন্ন বিষয়ে তদারকির জন্য উপজেলার ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভাকে ১০টি (ক্লাস্টারে) ভাগ করা হয়েছে। প্রতিটি ক্লাস্টারে ১ জন করে সহকারী থানা শিক্ষা কর্মকর্তা থাকার কথা থাকলেও ১০টি ক্লাস্টারে আছে মাত্র ২ জন। বাকি ৮টি পদ দীর্ঘদিন ধরে শূন্য।
চরআলগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ইসকান্দার রিভেল বলেন, ১০ জন এটিইওর কাজ ২ জনের পক্ষে করা সম্ভব নয়। কষ্ট হলেও দু’জনে সব সামলানোর চেষ্টা করছেন।
এটিইও আনোয়ারা খাতুন বলেন, সহকারী শিক্ষা কর্মকর্তাদের মাসে ২০/২১টি বিদ্যালয় পরিদর্শন করার কথা থাকলেও এখন ১২৫টি বিদ্যালয় পরিদর্শন করতে হয়। যা কোনভাবে সম্ভব নয়। এ ব্যাপারে উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আবু তালেব মিয়া বলেন, শূন্য পদগুলোতে নিয়োগের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃৃপক্ষকে লিখিতভাবে বার বার অবহিত করা হয়েছে। কিন্তু কোন ফল পাওয়া যাচ্ছে না।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শিবপদ দে বলেন, এক্ষেত্রে আমার কিছু করার নেই।