চাটখিলে আইন-শৃঙ্খলার চরম অবনতি

নোয়াখালী জেলার চাটখিলের আইন শৃঙ্খলার চরম অবনতি, বেড়েছে খুনের প্রবণতা ও সশস্ত্র সন্ত্রাসীদের প্রকাশ্যে মহড়ার ঘটনা। তা ছাড়া চুরি, ডাকাতিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড সংঘটিত হচ্ছে। এতে করে জনগণের মধ্যে চরম আতংক বিরাজ করছে। থানা পুলিশের উপর আস্থা হারাচ্ছে জনগণ। কয়েকটি স্থানে চলছে মাদকের ব্যবসা। ৯ ইউনিয়ন ও এক পৌরসভা নিয়ে গঠিত এ উপজেলায় গত ২৮ আগষ্ট সাহাপুর বাজার থেকে ব্যবসায়ী বাহার আলম (৩৫) কে সন্ত্রাসীরা অপহরণ করে নিয়ে হত্যা করে। ১৩ আগষ্ট সন্ধ্যায় সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং পিটিয়ে আফচরখিল গ্রামের আব্দুল মান্নানের ছেলে মফিজুল ইসলাম নাঈম (৩৫) কে হত্যা করে। নাঈম হত্যা মামলার আসামিদের পুলিশ গ্রেফতার করতে না পারায় এলাকাবাসী মানববন্ধন ও ধর্মঘট করেছে। এর আগে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন পাঁচঘরিয়া গ্রামের মুক্তিযোদ্ধা আবুল খায়েরের ছেলে লাভলু (৩২)। এ সময় গুরুতর আহত হয়েছে নিহত লাভলুর সহোদয় দুলাল হোসেন ও আব্দুল কুদ্দুস। এ মামলার প্রধান আসামি বাচ্চু বাহিনীর প্রধান বাচ্চুসহ অন্যরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাদের গ্রেফতার করছে না বলে অভিযোগ করেছেন মুক্তিযোদ্ধা আবুল খায়ের। চাটখিল উপজেলা সদরে আধিপত্য বিস্তার নিয়ে প্রতিনিয়ত ৩টি গ্রুপের মধ্যে প্রকাশ্যে ভাংচুর ও আহতের ঘটনা ঘটছে। এতে করে চাটখিল বাজারে ব্যবসায়িদের মধ্যে আতংক বিরাজ করছে। তাছাড়া ২৪ সেপ্টেম্বর ঘাটলাবাগ-হাটপুকুরিয়া ইউনিয়ন পরিষদের ২টি কম্পিউটার ২০ সেপ্টেম্বর চাটখিল বাজারের ৫টি দোকানসহ বিভিন্নস্থানে কয়েকটি চুরি এবং অতিসম্প্রতি এখানে খিলপাড়া গ্রামের আব্দুল গফুর খলিফার বাড়িতে, পাঁচগাঁও ইউনিয়নের ২টিসহ কয়েকটি ডাকাতি সংঘটিত হয়েছে। আইন শৃঙ্খলার অবনতির প্রসঙ্গে থানা পুলিশ জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং সন্ত্রাসী গ্রেফতারে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।