মোরেলগঞ্জে ভবন ঝুঁকিপূর্ণ
ক্লাস চলে স্কুলের বারান্দায়
মো.মেহেদী হাসান, মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা
প্রকাশ : ২১ অক্টোবর ২০১৩, ২২:১৮
উপজেলার এবি বাসবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও শিক্ষকরা জীবনের ঝুঁকি নিয়ে বারান্দায় ক্লাস করছে। যে কোন সময় ভবনটি ধসে পড়ে ঘটতে পারে বড় ধরনের কোন দুর্ঘটনা। জানা গেছে, বিদ্যালয়টিতে ১৮১ জন ছাত্র-ছাত্রী রয়েছে। এরা প্রতিদিন দুই শিফট ক্লাস করে। ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়ের নতুন ভবন নির্মিত হয় ১৯৯৪-৯৫ অর্থবছরে। কয়েকবছর যেতে না যেতেই ভবনে দুরাবস্থার সৃষ্টি হয়। অপরিকল্পিতভাবে নির্মিত বিদ্যালয়ের প্রতিটি কক্ষের পিছনের অংশ ফেটে চৌচির হয়ে গেছে। প্রতিটি ক্লাস থেকে পলেস্তরা খসে পড়ছে। বিদ্যালয়ের শিক্ষকরা জানান, ঝুঁকির মধ্যেই দীর্ঘ কয়েকবছর ক্লাস করা হয়েছে। কিন্তু দিন দিন অবস্থার অবনতি হলে বাধ্য হয়ে বিদ্যালয়ের বারান্দায় ক্লাস করাতে হচ্ছে। বারান্দার পিলার ও পলেস্তরা খসে খসে পড়ছে। বিদ্যালয়ের এ দুরাবস্থার কথা বিভিন্ন দপ্তরে লিখিতভাবে জানানো হয়েছে। উপজেলা পরিষদ থেকে আগষ্ট মাসে কিছু টিন ও নগদ ৯ হাজার টাকা বরাদ্দ করা হয়। তা দিয়ে মাঠে টিনের ছাপড়া দিয়ে নামমাত্র একটি ঘর নির্মাণ করা হয়েছে। বারান্দায় স্থান সংকুলান না হওয়ায় সেখানে ক্লাস করতে হয় ছাত্র-ছাত্রীদের। বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক ছাত্রী জানায়, খোলা বারান্দা আর খোলা মাঠে ক্লাস করা যেমন দুরূহ তেমনি চারদিক খোলা থাকায় তারা পড়াশুনায় মনোযোগ দিতে পারে না। বৃষ্টির সময় বারান্দা ও খোলা মাঠে ক্লাস করা সম্ভব হয় না । যার কারণে বৃষ্টি হলে বাজাতে হয় ছুটির ঘন্টা। এলাকাবাসির প্রশ্ন এরপরও কর্তৃপক্ষের টনক নড়বে কবে ।