নগরকান্দা ও পীরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে অনিয়ম
প্রকাশ : ২১ অক্টোবর ২০১৩, ২২:২০
ফরিদপুরের নগরকান্দা ও রংপুরের পীরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। —খবর ইত্তেফাক সংবাদদাতাদের।
নগরকান্দা (ফরিদপুর)
উপজেলার ডাঙ্গী ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। ত্রাণ কর্মকর্তার যোগসাজসে এসব অনিয়ম হচ্ছে বলে ভুক্তভোগীরা জানান। শনিবার ভিজিএফ এর চাল বিতরণকালে দেখা যায়, ইউনিয়নে বরাদ্দকৃত ১ হাজার ৯ শত ২২টি হতদরিদ্র পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণের নিয়ম থাকলেও সেখানে ৭/৮ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে। একাধিক ভুক্তভোগী জানান, ওজনে কম দিলেও চেয়ারম্যানের দালালদের ধমকে বাধ্য হয়ে কম চাল নিয়ে বাড়িতে যেতে হচ্ছে। চাল নিতে আসা নাওরাহাটি গ্রামের আইনুদ্দিনের স্ত্রী ফাতেমা বেগম (৫২) বলেন, ৮ কেজি চাল পেয়েছি, প্রতিবাদ করতে গেলে পরের বার আর মাল দেবে না। এছাড়াও তালিকায় ভুতুড়ে নাম থাকায় কিছুসংখ্যক হতদরিদ্র বাদ পড়ারও অভিযোগ পাওয়া গেছে। নাম প্রকাশ না করার শর্তে পরিষদের সংশ্লিষ্টরা জানান, চেয়ারম্যান গোডাউন থেকে মাল উত্তোলনের সময় কিছু চাল রেখে আসেন। পরে সে মাল কালো বাজারে বিক্রি করে চেয়ারম্যান টাকা আত্মসাত্ করেন। এ ব্যাপারে চেয়ারম্যান কাজী আবুল কালাম বলেন, ওজনে বেশি-কম দেয়া হয়নি, খরচ পোষানোর জন্য ৯ কেজি করে দিচ্ছি। দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার আঃ সালাম বলেন, ১০ কেজি করে দেয়ার কথা তবে ৯ কেজি করে দিয়েছি।
পীরগঞ্জ (রংপুর)
পীরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে দুর্নীতি-অনিয়মের অভিযোগ উঠেছে। সুবিধাভোগীদের মাঝে ১০ কেজির স্থলে ৭/৮ কেজি করে দিয়ে উদ্বৃত্ত চাল বিক্রয় লব্ধ অর্থ পিআইওসহ ঈদ বোনাস হিসেবে ভাগবাটোয়ারা করা হয় বলে জানা গেছে। গত শনিবার শানেরহাট ইউনিয়নে ভিজিএফএর চাল পিআইও’র উপস্থিতিতে বিতরণে ওই ঘটনা ঘটে বলে এলাকাবাসী জানান। জানা গেছে, উপজেলার শানেরহাট ইউনিয়নে ১ হাজার ৯শ’ ১০ জন দুস্থ অসহায় পরিবারের মাঝে ভিজিএফ’র ১০ কেজি করে চাল বিতরণ করার কথা ছিল। সে অনুযায়ী ১৯ মে.টন ১’শ কেজি চাল বরাদ্দ দেয়া হয়। এ সময় সরকারিভাবে সরবরাহকৃত প্রতিটি ৫০ কেজি ওজনের চালের বস্তা থেকে চেয়ারম্যানের লোকজন ২ কেজি করে চাল নামিয়ে নেয়। এভাবে প্রায় পৌনে এক টন চাল উদ্বৃত্ত করে। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান মেসবাহুর রহমান বলেন, ওজনে একটু কম দিয়ে চাল বেশি করে কার্ড বঞ্চিতদের মাঝে বিতরণ করতে হয়। সে জন্য ওজনে একটু কম দেয়া হয়।