আওয়ামী লীগ-বিএনপির সমাবেশ

কেন্দুয়া ও দাউদকান্দিতে ১৪৪ ধারা জারি

একই জায়গায় একই সময়ে আওয়ামী লীগ ও বিএনপি সমাবেশ ডাকায় নেত্রকোনার কেন্দুয়া ও কুমিল্লার দাউদকান্দিতে গতকাল সোমবার ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। নেত্রকোনা প্রতিনিধি জানান, কেন্দুয়া উপজেলার আশুজিয়া ইউনিয়নের রামপুর হাই স্কুল মাঠে গত রবিবার রাতে ১৪৪ ধারা জারি করায় গতকাল সোমবার বিকালে আওয়ামী লীগ-বিএনপি কোন পক্ষই সেখানে সভা-সমাবেশ করতে পারেনি। একই স্থানে সোমবার বিকালে সভা সমাবেশ করার ঘোষণা দেয় বিএনপি ও আওয়ামী লীগ। এই ঘটনায় রামপুরে বিএনপি ও আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। পরে বিএনপি ভগবতীপুর প্রাইমারী স্কুল মাঠে সমাবেশ করে। কেন্দ্রীয় বিএনপি নেতা ড. রফিকুল ইসলাম হিলালী জানান, ৭ দিন ধরে এই মাঠে বিএনপির সমাবেশের জন্য মাইকিং করা হচ্ছিল। কিন্তু গত রবিবার সন্ধ্যায় হঠাত্ আওয়ামী লীগও একই স্থানে সভা করবে বলে মাইকিং শুরু করে। রবিবার রাতে পুলিশ রামপুরের বিএনপি নেতাকর্মীদের গ্রেফতারের জন্য বাড়িতে বাড়িতে হানা দেয়। পুলিশ জানায়, আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রামপুর স্কুল মাঠে সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা জানান, বিএনপি ও আওয়ামী লীগ দাউদকান্দি উপজেলার হাসনাবাদ ভিটিকান্দি গ্রামে গতকাল সোমবার একই জায়গায় সভা ডাকায় প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হয়। উপজেলা নির্বাহী অফিসার খন্দকার জাকির হোসেন জানান, হানাহানি বা সংঘর্ষ এড়াতে ১৪৪ ধারা জারি করা হয়।