কানাডায় আলোকচিত্রে বাংলাদেশের গৌরবময় ইতিহাস প্রদর্শিত

টরন্টোতে প্রজন্ম কানাডার আয়োজনে ‘বাংলাদেশি আলোকচিত্র ১৯৫২-২০১৩’ (ÒBangladesh in Photography: 1952-2013) শীর্ষক এক প্রদর্শনী গত রবিবার ড্যানফোর্থস্থ বাংলাদেশ সেন্টারে অনুষ্ঠিত হয়। প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধান অতিথি প্রখ্যাত ছড়াকার লুত্ফর রহমান রিটন। এসময় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জেনেট ডেভিস বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। বাহান্নর ভাষা আন্দোলন থেকে শুরু করে ঊনসত্তরের গণ-অভ্যুত্থান, সত্তরের নির্বাচন, একাত্তরের মহান মুক্তিযুদ্ধ, পঁচাত্তরের ট্রাজেডি, নব্বুইয়ের অভ্যুত্থান ও সর্বশেষ শাহবাগ আন্দোলনসহ জাতীয় ইতিহাসের গতিপথ পাল্টে দেয়া ঘটনাসমূহের আলোকচিত্র, পোস্টার, পোস্টকার্ড ইত্যাদি দিয়ে সাজানো হয়েছিল এই প্রদর্শনীটি। এর পাশাপাশি ঐতিহাসিক ঘটনাবলীর উপর নির্মিত ডকুমেন্টারি ফিল্ম ও ভিডিও ক্লিপ প্রদর্শিত হয়।