সৈয়দ আশরাফের বক্তব্য অসত্য ও সম্পূর্ণ ভিত্তিহীন
প্রকাশ : ২১ অক্টোবর ২০১৩, ২২:৪৫
‘জাতীয় পার্টি (জাপা) মহাজোটে আছে, থাকবে। প্রধানমন্ত্রীর প্রস্তাব অনুযায়ী জাপাও সর্বদলীয় সরকারে অংশ নেবে। বিএনপি নির্বাচনে এলে জাপা মহাজোটে থেকেই নির্বাচন করবে, বিএনপি না এলে তারা একা নির্বাচন করবে’- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের এই বক্তব্যকে অসত্য ও সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন জাপা চেয়ারম্যান এইচএম এরশাদ।
গতকাল সোমবার এরশাদ তার বনানী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, সৈয়দ আশরাফ মিডিয়ার কাছে যেসব কথা বলেছেন তা দেখে আমি স্তম্ভিত। প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের এই ধরনের কোনো আলোচনাই হয়নি। তাছাড়া বিএনপি নির্বাচনে না গেলেও জাপা যাবে, এটা মোটেও ঠিক নয়। তার এই বক্তব্য অত্যন্ত দুর্ভাগ্যজনক, তিনি জাতির কাছে আমাদের ছোট ও হেয় করেছেন। আমরা আশা করি সৈয়দ আশরাফ তার ওই বক্তব্য প্রত্যাহার করে নেবেন।
উল্লেখ্য, রবিবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে নৈশভোজ ও বৈঠক করেন এরশাদ। এসময় আওয়ামী লীগের শীর্ষ নেতারা ও জাপার ১৪ সদস্যের প্রতিনিধি দল উপস্থিত ছিল। বৈঠক শেষে সৈয়দ আশরাফুল ইসলাম সাংবাদিকদের কাছে উপরোক্ত মন্তব্য করেন।
এক প্রশ্নের জবাবে এরশাদ বলেন, বিএনপিসহ সকল দল নির্বাচনে অংশগ্রহণ না করলে সেটি দেশের মানুষের কাছে ও পৃথিবীর কাছেও গ্রহণযোগ্য হবে না। যেহেতু সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না, সে কারণে তাতে জাপাও অংশ নেবে না। এটা আমাদের সুস্পষ্ট বক্তব্য। তিনি বলেন, আগামীতে তার দল এককভাবে নির্বাচনে অংশ নেবে। এটা তার দলের গৃহীত পলিসি। এই পলিসি থেকে তিনি বিচ্যুত হবে না। কারও জোটে থেকে জাপা নির্বাচন করবে না। কারণ অতীতে বিভিন্ন জোটের মাধ্যমে নির্বাচন করে জাপা কিছুই পায়নি, বরং অস্তিত্ব সংকটে পড়েছে।
প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপের বিষয়বস্তু এবং মিডিয়ার কাছে সৈয়দ আশরাফের বক্তব্য সম্পর্কে জাপা চেয়ারম্যান বলেন, মহাজোটে থাকব কী থাকব না এটা আমাদের অভ্যন্তরীণ বিষয়। প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে দেয়া ভাষণে যে সর্বদলীয় সরকারের প্রস্তাব দিয়েছেন, সেটির বিষয়ে আমরা আমাদের দলের প্রেসিডিয়াম বৈঠকে বলেছি যে-সেখানে কতগুলো বিষয় অস্পষ্ট। এটা নিয়েই প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের কথা হয়েছে। প্রথম অস্পষ্টতা হচ্ছে-প্রধানমন্ত্রীর রূপরেখা অনুযায়ী নির্বাচনকালীন সরকারের প্রধান কে থাকবেন? এ বিষয়ে প্রধানমন্ত্রী আমাদের বলেছেন-তিনি নিজেই প্রধান থাকবেন। আমরা জানতে চেয়েছি-মন্ত্রিসভা কত সদস্যের হবে। জবাবে প্রধানমন্ত্রী বলেছেন-তা আলোচনার মাধ্যমে ঠিক করা যাবে। এরশাদ বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে আমার একান্তেও কোনো আলোচনা হয়নি।
সংবাদ সম্মেলনে জাপা নেতা কাজী জাফর আহমদ, জিএম কাদের, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, এবিএম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ প্রমুখ উপস্থিত ছিলেন।