ব্রিটিশ হাইকমিশনারের আশাবাদ
সরকার বিরোধীদের প্রস্তাব বিবেচনা করবে
প্রকাশ : ২১ অক্টোবর ২০১৩, ২২:৪৬
বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়ার দেয়া প্রস্তাব সরকার বিবেচনা করবে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার রবার্ট ডব্লিউ গিবসন। গতকাল সোমবার এক বিবৃতিতে তিনি বলেন, বিরোধীদলীয় নেতার বক্তব্যে অনেক ইতিবাচক দিক রয়েছে। বিশ্ব সন্ত্রাসবাদ দমন, আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি সম্পর্কে তার মনোভাব ইতিবাচক। তার সহিংসতা বিরোধী মনোভাবও খুব ইতিবাচক। সংখ্যালঘুদের অধিকার রক্ষায় তার অঙ্গীকারের বিষয়টিকেও ব্রিটিশ হাইকমিশনার স্বাগত জানান। তিনি বলেন, আমরা আশা করি বিরোধীদলীয় নেতা যে প্রস্তাব দিয়েছেন তা সরকার বিবেচনা করবে। নির্বাচনের প্রক্রিয়ার বিষয়ে বাংলাদেশের মানুষকে আশ্বস্ত করতে এবং একটি স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য দ্রুত অর্থপূর্ণ সংলাপ অনুষ্ঠিত হবে। তিনি আরো বলেন, উভয়পক্ষকে আপোস ও আস্থার মনোভাব নিয়ে সংলাপের পথে অগ্রসর হতে হবে। যাতে করে যে কোনো ধরনের হয়রানি ও সহিংসতাকে এড়ানো সম্ভব হয়।