প্রধানমন্ত্রী আজ দিনাজপুর যাচ্ছেন

আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মঙ্গলবার দিনাজপুরে যাচ্ছেন। জেলার গোর-এ-শহীদ ময়দানে বিকাল ৩টায় এক জনসভায় গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। এই জনসভাকে কেন্দ্র করে দিনাজপুর জেলার ১৩ উপজেলাসহ ঠাকুরগাঁও, পঞ্চগড়, জয়পুরহাট, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, নীলফামারীসহ উত্তরাঞ্চলের ৯ জেলায় সাজ সাজ রব পড়ে গেছে। প্রধানমন্ত্রী কার্যালয় সূত্রে জানা গেছে, আজ বেলা দেড়টার দিকে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে প্রধানমন্ত্রী দিনাজপুরে এসে পৌঁছবেন। এরপর কিছুক্ষণ সার্কিট হাউজে অবস্থান করে বেলা ৩ টায় বিশাল জনসভায় ভাষণ দেবেন। বোচগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনাজপুর সফরে বোচাগঞ্জে ১৫ কোটি টাকা ব্যয়ে সমাপ্ত ৬টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন।