পটুয়াখালী আমতলী ও কুয়াকাটা সড়কে বাস চলাচল বন্ধ
বরগুনা (দক্ষিণ) প্রতিনিধি
প্রকাশ : ২১ অক্টোবর ২০১৩, ২২:৫০
পটুয়াখালী-আমতলী-কুয়াকাটা সড়কে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দিয়েছে পটুয়াখালী জেলা বাস মালিক সমিতি। গত রবিবার সকাল থেকে বাস চলাচল বন্ধ করে দেয়া হয়। এর আগে মালিক সমিতি জরুরি সভা করে এই সিদ্ধান্ত নেন।
পটুয়াখালী জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা দুলু মৃধা জানান, জেলা মালিক সমিতির আওতাভুক্ত আমতলীর কিছু বাস মালিক ও শ্রমিকরা বেশ কিছুদিন ধরে পটুয়াখালীর মালিকদের বাস চলাচলে বাধা প্রদান ও চাঁদাবাজি করে আসছিল। তাদের সাথে আলোচনা করেও কোন সুরাহা না হওয়ায় জরুরি বৈঠক করে এই সিদ্ধন্ত নেয়া হয়। বিষয়টি পটুয়াখালীর জেলা প্রশাসক অমিতাভ সরকারকেও অবহিত করা হয়েছে।
পটুয়াখালীর জেলা প্রশাসক অমিতাভ সরকার জানান, মালিক সমিতির কাছ থেকে ঘটনাটি শুনে বরগুনার জেলা প্রশাসকের সাথে আলোচনা করা হয়েছে। এ ব্যাপারে দ্রুত সমাধানের চেষ্টা চলছে।