নিউইয়র্ক মেয়র পাচ্ছেন ১০ লাখ ডলারের ‘ইহুদি নোবেল’
প্রকাশ : ২১ অক্টোবর ২০১৩, ২২:৫৬
ইসরাইলের ‘ইহুদি নোবেল’ পাচ্ছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মেয়র মাইকেল ব্লুমবার্গ। প্রথমবারের মতো এই নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে। মানবতার সেবায় অবদান রাখার জন্য তাকে এই পুরস্কার দেওয়া হচ্ছে বলে উদ্যেক্তা সংগঠন দ্য জেনেসিস প্রাইজ ফাউন্ডেশন এক বিবৃতিতে জানিয়েছে। খবর এপি’র।
তৃতীয়বার এবং শেষবারের মতো নির্বাচিত মেয়র ব্লুমবার্গের হাতে আগামী বছর দশ লাখ মার্কিন ডলার মূল্যের এই পুরস্কার তুলে দেবেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু। ফাউন্ডেশনের বিবৃতিতে জানানো হয়েছে, ব্লুমবার্গ দীর্ঘদিন ধরেই সমাজের জন্য কল্যাণমূলক কাজ করে আসছেন এবং মানবতার সেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। আর এজন্যই এই পুরস্কার তার প্রাপ্য। ব্লুমবার্গ এক বিবৃতিতে জানিয়েছেন, তিনি সারাজীবন ইহুদি আদর্শ লালন করে চলেছেন এবং সরকারি কর্ম, ব্যবসা-বাণিজ্য এবং মানবতার কাজে প্রয়োগ করেছেন। আর এক্ষেত্রে তার মা-বাবার অবদান রয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করেন ব্লুমবার্গ।