২৪ অক্টোবরের পরও মন্ত্রিসভার বৈঠক হবে
প্রকাশ : ২১ অক্টোবর ২০১৩, ২২:৫৭
আগামী ২৪ অক্টোবরের পরও মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অব্যাহত থাকবে। সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের মেয়াদ আগামী বছরের ২৪ জানুয়ারি শেষ হবে। সংবিধানের ৫২, ৯২ ও ১২৩ ধারায় এ বিষয়ে বিস্তারিত বলা আছে। গতকাল সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঞা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
২৫ অক্টোবর নির্বাচনের দিন গণনা শুরুর পর মন্ত্রিসভার বৈঠক চলবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব আরো বলেন, এটি বিদায়ী বৈঠক ছিল না। আরো বৈঠক হবে। এ সরকারের মেয়াদ শেষ হয়ে যায়নি। যদিও আমি সংবিধানের ব্যাখ্যাদাতা নই। এ বিষয়ে ব্যাখ্যা দিবেন আইন মন্ত্রণালয়। মন্ত্রিপরিষদ সচিব হিসেবে আমি মন্ত্রিসভার সিদ্ধান্তগুলোর প্রকাশযোগ্য অংশ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে আপনাদের সামনে তুলে ধরি।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, গতকালের মন্ত্রিসভার বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে কোনো আলোচনা হয়নি। বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি নিয়ে পর্যালোচনা হয়েছে। এসব পর্যালোচনায় প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, দফতর ও পরিদফতরের কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন। বর্তমান সরকার ( ৬ জানুয়ারি ২০০৯ থেকে ৩০ সেপ্টেম্বর ২০১৩ পর্যন্ত) এবং বিগত সরকারের একই সময়ে (১০ অক্টোবর ২০০১ থেকে ৩ জুলাই ২০০৬) মন্ত্রিসভা বৈঠক সম্পর্কিত কিছু কার্যক্রমের তুলনামূলক চিত্র উপস্থাপন করে মন্ত্রিপরিষদ সচিব বলেন, বর্তমান সরকারের ৪ বছর ৯ মাসে মন্ত্রিসভার ২২২টি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এসব বৈঠকে এক হাজার ৪৪২টি সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর মধ্যে এক হাজার ৩৩৯টি সিদ্ধান্ত বাস্তবায়ন হয়েছে। বাস্তবায়নের হার ৯২ দশমিক ৮৬ শতাংশ। তিনি বলেন, একই সময়ে বিগত সরকার সিদ্ধান্ত গ্রহণ করে ৭০৭টি এবং বাস্তবায়ন করে ৫৭০টি। তাদের বাস্তবায়নের হার ছিল ৮০ দশমিক ৬ শতাংশ। মন্ত্রিপরিষদ সচিব বলেন, বর্তমান সরকারের সময়ে ৪৩টি নীতি বা কৌশল অনুমোদন, ১১৪টি চুক্তি অনুমোদন এবং ২৪০টি আইন সংসদে পাস করে। বিগত সরকার এ সময়ে ২৩টি নীতি বা কৌশল অনুমোদন, ৬২টি চুক্তি অনুমোদন এবং ১৬০টি আইন সংসদে পাস করে।
এছাড়া ‘বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ (সংশোধিত) আইন-২০১৩’, ‘জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটিক নীতিমালা ২০১৩’, ‘কমিশন সচিবালয় (সংশোধিত) আইন ২০১৩’, ‘বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ আইন ২০১৩’র খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বাংলাদেশ ও বেলারুশের মধ্যে দ্বৈত করারোপ পরিহার ও রাজস্ব ফাঁকি রোধ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরের ভূতাপেক্ষ অনুমোদন দেয়া হয়েছে। এছাড়া একজন মন্ত্রীর পদক পাওয়ার বিষয়েও মন্ত্রিসভায় অনুমোদন দেয়া হয়েছে।