প্যাটেন্ট যুদ্ধের অবসান ঘটাতে স্যামসাংয়ের উদ্যোগ

স্মার্টফোন আর ট্যাবলেট পিসির নতুন নতুন সংস্করণ বাজারে এনে এমনিতেই প্রযুক্তি বিশ্বের শিরোনাম দখল করে রাখে দুই জায়ান্ট স্যামসাং এবং অ্যাপল। তবে গত বছর দুয়েক সময়ের মধ্যে এই দুই প্রতিষ্ঠান বারবারই শিরোনাম হয়েছে পরস্পরের বিরুদ্ধে মামলার কারণে। বিভিন্ন দেশেই প্রতিষ্ঠান দুইটি একে অপরের বিরুদ্ধে বিভিন্ন প্যাটেন্ট ভঙ্গের অভিযোগ দায়ের করে আসছে। এ ছাড়া এলজি, মটোরোলা, এইচটিসি’র মতো কোম্পানিগুলোও এই দুই প্রতিষ্ঠানের সাথে প্যাটেন্ট যুদ্ধে জড়িয়ে রয়েছে। তবে এবারে এই প্যাটেন্ট যুদ্ধের অবসান আশা করছে স্যামসাং। আর তা করতে আগামী পাঁচ বছরে তারা প্রতিদ্বন্দ্বী কোনো কোম্পানির বিরুদ্ধে প্যাটেন্ট ভঙ্গের অভিযোগে মামলা দায়ের করবে না বলে জানিয়েছে। ফলে বিশ্বব্যাপী প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মধ্যে যে প্যাটেন্ট যুদ্ধ চলে আসছে, তার অবসান ঘটবে বলে আশা করছেন প্রযুক্তি বিশ্লেষকরা। পাশাপাশি প্রযুক্তি শিল্পে এতে করে আরও বেশি স্পষ্টতা আসবে বলে আশা করছে ইউরোপিয়ান ইউনিয়ন। স্যামসাংয়ের এই সিদ্ধান্তকে স্বাগতই জানিয়েছেন তারা। তারা জানিয়েছে, মোবাইল ফোনের জন্য অত্যাবশ্যকীয় যেসব মান প্যাটেন্ট ব্যবহূত হয়ে থাকে, সেগুলো নিয়ে পরস্পরের বিরুদ্ধে যুদ্ধে নামাটা এই শিল্পের জন্য সুখকর নয়। উল্লেখ্য, সম্প্রতি একটি মামলায় হেরে স্যামসাংকে ১৮.৩ বিলিয়ন মার্কিন ডলার ক্ষতিপূরণ গুণতে হয়েছে। এটিও তাদের প্যাটেন্ট যুদ্ধে সাদা পতাকা তুলে ধরতে প্রভাবিত করতে পারে বলে ধারণা অনেক প্রযুক্তি বিশ্লেষকের।