ড্রোন হামলার সুষ্ঠু তদন্তের
দাবি মানবাধিকার সংস্থার
প্রকাশ : ২২ অক্টোবর ২০১৩, ২০:৪১
অ্যামন্যাস্টি ইন্টারন্যাশনাল এবং হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে বলা হয়েছে, ড্রোন হামলায় বেসামরিক নাগরিকদের ক্ষয়ক্ষতির প্রামাণিক তথ্য যুক্তরাষ্ট্রকে জনসমক্ষে প্রকাশ করতে হবে
যুক্তরাষ্ট্রের ড্রোন হামলা নিয়ে একটি নিরপেক্ষ তদন্ত এবং এ ধরনের হামলায় বেসামরিক নাগরিকদের ক্ষয়ক্ষতির প্রামাণিক তথ্য জনসমক্ষে প্রকাশের দাবি জানিয়েছে মানবাধিকার সংগঠন অ্যামন্যাস্টি ইন্টারন্যাশনাল এবং হিউম্যান রাইটস ওয়াচ। গতকাল মঙ্গলবার প্রকাশিত দু’টি স্বতন্ত্র প্রতিবেদনে সংস্থাগুলো বলেছে, যুক্তরাষ্ট্রকে অবশ্যই বেসামরিক নাগরিকদের মৃত্যুর দায়দায়িত্ব গ্রহণ করতে হবে এবং ড্রোন কর্মসূচির বিষয়ে আরো বেশি স্বচ্ছ হতে হবে। হিউম্যান রাইটস ওয়াচের জ্যেষ্ঠ সন্ত্রাস বিরোধী গবেষক লেটা টেইলর বলেছেন, যেহেতু এ ধরনের হামলায় বেসামরিক নাগরিকদের ক্ষয়ক্ষতির প্রমাণ বাড়ছে, সেহেতু এখন সময় হয়েছে যুক্তরাষ্ট্রের কান ঢেকে রাখা বন্ধ করা এবং এ ধরনের কর্মসূচি যে বৈধ তা নিশ্চিত করার জন্য ব্যবস্থা গ্রহণ শুরু করা।
প্রসঙ্গত, ড্রোন হামলা নিয়ে সম্প্রতি প্রকাশিত জাতিসংঘের দু’টি প্রতিবেদন গত শুক্রবার সাধারণ পরিষদে উপস্থাপন করা হয়। এই চারটি প্রতিবেদনের সবগুলোতেই দাবি করা হয়েছে, যুক্তরাষ্ট্রের উচিত লক্ষ্যভেদী হত্যার যুক্তিসহ পূর্ণাঙ্গ ব্যাখা দেয়া। টেইলর আরো বলেন, খুব অল্প সময়ের মধ্যে প্রকাশিত এই চারটি প্রতিবেদন ড্রোন হামলার বৈধতার প্রশ্নকে সামনে নিয়ে এসেছে।
অ্যামন্যাস্টি ইন্টার-ন্যাশনালের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উপ-পরিচালক পলি ট্রাসকট বলেছেন, যদিও তাদের এবং হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনের উত্সবিন্দুগুলো ছিল যথাক্রমে পাকিস্তান এবং ইয়েমেন, তথাপি ড্রোন হামলা মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে বিশ্বব্যাপী কিছু প্রশ্নের অবতারণা করেছে।
এদিকে, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের একজন মুখপাত্র কাইটলিন হেউডেন বলেছেন, প্রেসিডেন্ট বারাক ওবামা গত ২৩ মে’র বক্তব্যে ড্রোন হামলার যুক্তিসহ ব্যাখার একটি রুপরেখা তুলে ধরেছেন।