৯ নভেম্বর মালদ্বীপে প্রেসিডেন্ট নির্বাচন

পুলিশের বাধার মুখে পূর্বনির্ধারিত দিনে ভোট গ্রহণে ব্যর্থ মালদ্বীপের নির্বাচন কমিশন প্রেসিডেন্ট নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করেছে। ৯ নভেম্বর দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। সোমবার প্রেসিডেন্ট নির্বাচনের নতুন এই তারিখের ঘোষণা দেন কমিশন প্রধান ফুয়াদ তৌফিক। রাজধানী মালেতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘নভেম্বরের ৯ তারিখে প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম পর্ব ভোট গ্রহণের দিন নির্ধারণ করেছি আমরা। আর যদি প্রয়োজন হয়, ১৬ নভেম্বর দ্বিতীয় পর্বের ভোট গ্রহণ করা হবে।’ ২০১২ সালের ফেব্রুয়ারিতে সাবেক প্রেসিডেন্ট নাশিদকে ক্ষমতাচ্যুত করার পর থেকে মালদ্বীপে রাজনৈতিক অস্থিরতা চলছে। ২০০৮ সালে মালদ্বীপের প্রথম গণতান্ত্রিক নির্বাচনে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন মোহাম্মদ নাশিদ। কিন্তু ২০১২ সালে পুলিশ, সেনাবাহিনী ও সশস্ত্র বিক্ষোভকারীদের অভ্যুত্থানে ক্ষমতা হারিয়েছিলেন। ওই সময় নাশিদের ক্ষমতাচ্যুতিকে ‘ক্যু’ হিসেবে অভিহিত করেছিল তার সমর্থকরা। নাশিদকে সরিয়ে ক্ষমতা গ্রহণ করেছিলেন তারই ভাইস প্রেসিডেন্ট ওয়াহেদ। চলতি বছরের সেপ্টেম্বরে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ৪৫ শতাংশ ভোট পেয়ে ফের বিজয়ী হয়েছিলেন নাশিদ। কিন্তু কারচুপির অভিযোগে ওই নির্বাচন বাতিল করে দেশটির সর্বোচ্চ আদালত। এই নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট ওয়াহেদ পান মাত্র ৫ শতাংশ ভোট। এরপর প্রেসিডেন্ট নির্বাচন থেকে নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নেন ওয়াহেদ। আদালতের নির্দেশনা অনুযায়ী গত শনিবার পুনরায় নির্বাচন হওয়ার কথা ছিল কিন্তু পুলিশি বাধার মুখে তা স্থগিত করতে বাধ্য হয় দেশটির নির্বাচন কমিশন।