গফরগাঁওবাসীর স্বপ্নের ব্রহ্মপুত্র
সেতু উদ্বোধনের অপেক্ষায়
গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা
প্রকাশ : ২২ অক্টোবর ২০১৩, ২১:১৫
অবশেষে দীর্ঘদিনের স্বপ্নপূরণ হতে চলেছে গফরগাঁওবাসীর। উদ্বোধনের প্রহর গুণছে স্বপ্নের পুরান ব্রহ্মপুত্র সেতু। উপজেলার গুরুত্বপূর্ণ সালটিয়া-হাজীপুর-দেওয়ানগঞ্জ বাজার সড়কটি দিয়ে জেলার গফরগাঁও, নান্দাইল, ঈশ্বরগঞ্জ, কিশোরগঞ্জ জেলার হোসেনপুর, কিশোরগঞ্জ সদর, তাড়াইল এবং নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার লাখ লাখ মানুষ চলাচল করে। এ সড়কের সালটিয়া বাজারের নিকট পুরান ব্রহ্মপুত্র নদের ওপর কোন সেতু না থাকায় এ অঞ্চলের বিস্তৃত জনপদ মূলত দুই ভাগে বিভক্ত ছিল। ময়মনসিংহ, নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলার বেশ কয়েকটি উপজেলার কয়েক লাখ মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এ পথে ইঞ্জিন চালিত শ্যালো নৌকায় পারাপার হতো। ফলে এসব অঞ্চলের সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি ছিল পুরান ব্রহ্মপুত্র নদের ওপর সেতু নির্মাণের। বর্তমান সরকারের নির্বাচনী ওয়াদা অনুযায়ী ২০১০ সালের প্রথমদিকে এই সেতু নির্মাণ প্রকল্প গ্রহণ করে। ২০১১ সালের ৩১ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুটির ভিত্তি প্রস্তর স্থাপন করেন এবং কাজ সমাপ্তির তারিখ ছিল ২০১২ সালের ২৫ অক্টোবর ।
একদফা সময় বাড়িয়ে এ সেতু নির্মাণের প্রকল্প মেয়াদ গত জুন মাসের ৩০ তারিখ পর্যন্ত বর্ধিত করা হয়। সেতুটি নির্মাণের ফলে উল্লেখিত এলাকার জনগণের ঢাকা যাতায়াতে ৮৫ কিঃমিঃ দূরত্ব কমে গেছে।
এলজিইডি ময়মনসিংহ অফিসের নির্বাহী প্রকৌশলী মোঃ রেজাউল বারী বলেন, ঈদের পূর্বেই সেতুটির নির্মাণ কাজ শেষ হয়েছে। এখন আমরা সেতুটির উদ্বোধনের অপেক্ষায় আছি।