মুক্তাগাছায় শিশু হত্যায় গ্রেপ্তার ৩

অবশেষে ময়মনসিংহের মুক্তাগাছায় আওয়ামী লীগ নেতার শিশু পুত্র হত্যাকারী হিসেবে মাদ্রাসা ছাত্র রাকিবুল হক রাকিব, তার ভাই রেজাউল করিম ও রাজ্জাক মুন্সিকে গ্রেফতার করেছে পুলিশ । গ্রেফতারকৃত রাকিব নিজেই চাকু দিয়ে মারুফকে হত্যা করে বলে পুলিশকে জানিয়েছে। রাকিব ও রেজাউল আওয়ামী লীগ নেতা আরব আলীর সত্ বোনের সন্তান এবং নিহত মারুফের ফুফাতো ভাই। জানা গেছে, মুক্তাগাছা শহরের গন্ধর্বপুর এলাকার বিশিষ্ট ব্যবসায়ী আরব ফিডের মালিক ও শহর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আরব আলীর শিশু পুত্র ময়মনসিংহের রেসিডেন্সিয়াল মডেল স্কুলের ৩য় শ্রেণীর মেধাবী ছাত্র মাহবুবুর রহমান মারুফ শনিবার সন্ধ্যায় বাড়ি থেকে নিখোঁজ হয়। রাতে বাড়ির পাশে মত্স্য খামারের পুকুর পাড় থেকে বস্তাবন্দি অবস্থায় তার গলাকাটা লাশ উদ্ধার করা হয়। রবিবার রাতে হত্যার সাথে জড়িত থাকার অপরাধে ঢাকার খিলগাঁও চৌরাস্তা সংলগ্ন আল জামিয়াতুল ইসলামিয়া মাদ্রাসার ছাত্র রাকিবুল, বড় ভাই মাদ্রাসা ছাত্র রেজাউল ও তাদের বাবা আঃ রাজ্জাক মুন্সীকে পুলিশ গ্রেফতার করে। রাকিবের স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ হত্যাকান্ডে ব্যবহূত ছোরা উদ্ধার করেছে।