মধুপুরে রাবার
চুরির প্রতিবাদে
শ্রমিক ধর্মঘট
গোপালপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
প্রকাশ : ২২ অক্টোবর ২০১৩, ২১:১৮
রাবার চুরি বন্ধসহ চারদফা দাবিতে বনশিল্প উন্নয়ন সংস্থা মধুপুর জোনের পাঁচ রাবার বাগানে দুই সপ্তাহ ধরে শ্রমিক ধর্মঘট চলায় কষ আহরণ ও প্রক্রিয়াজাত বন্ধ রয়েছে। ফলে সরকার কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। মধুপুর জোনে ৮ হাজার একর আয়তনের পীরগাছা, চাঁদপুর, কমলাপুর, সন্তোষপুর ও কর্ণজোড়া এ পাঁচটি বাগান রয়েছে। পাঁচ বছর ধরে রাবার কষ আহরণে নিয়মিত শ্রমিক নেই। অস্থায়ী দুই হাজার পিচরেট টেপার দিয়ে এ কাজ করা হয়। এরা কোন বেতন পায় না। বাগান থেকে আহরণ করা কষ বাবদ প্রতি কেজিতে ৫ থেকে ৭ টাকা মজুরি পায়। একজন দক্ষ শ্রমিক পিকপিরিয়ডে দৈনিক ২০ কেজি এবং ননপিকপিরিয়ডে ১০ কেজির কষ আহরণ করতে পারে। সারাদিন হাড়ভাঙ্গা খাটুনির পর ৫০ থেকে ৮০ টাকা মজুরি পায়। বাগান লাভজনক হওয়ায় অফিসার, কর্মচারি ও নিয়মিত স্টাফরা সব সরকারি সুযোগ পেলেও মাঠপর্যায়ে উত্পাদনের সাথে জড়িত শ্রমিকদের অবস্থা করুণ। সোমবার শ্রমিক ইউনিয়ন অফিসে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে শ্রমিকরা অভিযোগ করেন, বাগান থেকে আহরণ করা কষ ফ্যাক্টরিতে জমা দেয়ার সময় সুপারভাইজাররা মাপে কম দেয়। প্রতি ১০ কেজিতে দুই কেজি কম ধরা হয়। ফলে শ্রমিকরা সঠিক মজুরি পায় না।