বিনোদন রিপোর্ট
দীর্ঘদিন ধরে রাজধানীর জাতীয় হূদরোগ ইনস্টিটিউটে চিকিত্সাধীন রয়েছেন প্রখ্যাত নজরুলসঙ্গীতশিল্পী খালিদ হোসেন। সেখানে সহযোগী অধ্যাপক ডা. আবদুল মোমেনের তত্ত্বাবধানে চিকিত্সা চলছে তাঁর।
গত ৪ মে হাসপাতালে ভর্তি করা হলে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। এখন শারীরিক অবস্থা সঙ্কটাপন্ন বলে জানিয়েছেন তাঁর ছেলে আসিফ হোসেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত তাঁর অবস্থার কোনো উন্নতি হয়নি।
তাঁর পরিবার থেকে জানানো হয় খালিদ হোসেনের প্রতিমাসে উচ্চমূল্যের একটি ইঞ্জেকশন নিতে হয়। ওষুধ কিনতে হয় প্রায় ৪০ হাজার টাকার মতো। গত ২ বছরে প্রতিমাসে ১ লাখের মতো খরচ হয়েছে তাঁদের। প্রধানমন্ত্রী এর আগেও আর্থিকভাবে সহায়তা করেছেন। আবারো সহযোগিতা চাচ্ছেন তাঁরা। সঙ্গীতশিল্পী খালিদ হোসেনের জন্য দোয়া চেয়েছেন তাঁর ছেলে আসিফ। তিনি জানান, তাঁর ৮৪ বছর বয়সী বাবা দীর্ঘদিন ধরেই হূদরোগে ভুগছেন। ইদানিং তাঁর কিডনির জটিলতা বেড়েছে। ফুসফুসেও সমস্যা হয়েছে। পাশাপাশি বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যা আছে।