প্রযুক্তি ব্যক্তিত্ব

জোনাথন জিলেট কম্পিউটার প্রোগ্রামারদের মধ্যে সবচেয়ে খেয়ালি যারা, তাদের মধ্যে অন্যতম জোনাথন জিলেট। প্রযুক্তি বিশ্বে অবশ্য তিনি পরিচিত ‘why the lucky stiff’ বা শুধুই ‘Why’ কিংবা ‘_why’ নামে। প্রতিভাবান এই কম্পিউটার প্রোগ্রামার অবশ্য লেখক, কার্টুনিস্ট এবং শিল্পী হিসেবেও সমানভাবে বিখ্যাত বিশ্বজুড়ে। উকিহিরো মাতসুমটো উদ্ভাবিত রুবি প্রোগ্রামিং ল্যাংগুয়েজ নিয়ে কাজ করেছেন ‘_why’। রুবি কমিউনিটির অন্যতম একজন প্রধান ব্যক্তি হিসেবেও গণ্য করা হয়ে থাকে তাকে। তার লেখা ‘হোয়াই’স (পয়গ্যান্ট) গাইড টু রুবি’ বইটি রুবি প্রোগ্রামিং ল্যাংগুয়েজ শেখার জন্য আদর্শ হিসেবেই পরিগণিত। এ ছাড়াও রুবি শেখানোর জন্য তার আরও বই এবং নানা ধরনের প্রকল্প রয়েছে। রুবি প্রোগ্রামিং ল্যাংগুয়েজের বেশকিছু লাইব্রেরি এবং অ্যাপ্লিকেশনেরও প্রণেতা ‘_why’। রুবি নিয়ে লেখা বেশকিছু বইয়ের অলংকরণও করেছেন এই খেয়ালি প্রতিভাবান। অনলাইন জগতে তিনি ‘_why’ নামেই নিজেকে পরিচিতি দিয়ে এসেছেন এবং প্রকৃত নাম পরিচয় নিজে থেকে তেমন একটা জানান দেননি কাউকে। ২০০৯ সালেই প্রযুক্তি বিশ্বে সব ধরনের যোগাযোগ থেকে নিজেকে গুটিয়ে নেন তিনি। তার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টও বন্ধ করে দেওয়া হয়েছে। চলতি বছরে তার ওয়েবসাইট আবারও চালু হলেও তাতে কেবল একটি ব্ল্যাংক পেজই রয়েছে। ফলে এই রহস্যমানব এখনও পর্যন্ত রয়ে গেছেন রহস্যের অন্তরালেই।