থ্রিজির বাণিজ্যিক কার্যক্রম শুরু করল বাংলালিংক
প্রকাশ : ২২ অক্টোবর ২০১৩, ২১:৫৩
মোবাইল ফোন অপারেটর বাংলালিংক বাণিজ্যিকভাবে থ্রিজি কার্যক্রম শুরু করেছে। গত সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি অভিজাত হোটেলে কেক কেটে থ্রিজির আনুষ্ঠানিক বাণিজ্যিক কার্যক্রমের উদ্বোধন করেন টেলিযোগাযোগ মন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন। কিছুদিন আগে থেকেই বাংলালিংক থ্রিজি সেবা দিয়ে যাচ্ছে। এর আগে গ্রামীণফোন, রবি ও এয়ারটেল বাণিজ্যিকভাবে থ্রিজি সেবার আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে।
বাংলালিংকের থ্রিজির বাণিজ্যিক কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আব্দুস সাত্তার এমপি, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান সুনীল কান্তি বোস, টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব আবু বক্কর সিদ্দিক, রাজস্ব বোর্ডের চেয়ারম্যান গোলাম হোসেন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম খান। এছাড়া বাংলালিংকের সিসিও শিহাব আহমাদ, রেগুলেটরি এন্ড লিগ্যাল অ্যাফেয়ার্সের সিনিয়র ডিরেক্টর জাকিউল ইসলাম, মার্কেটিং ডিরেক্টর সোলায়মান আলমসহ অন্য কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, রাজধানীর গুলশান, বনানী, পুরনো ডিওএইচএস, বারিধারা ও মতিঝিল এলাকা এবং চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় বর্তমানে বাংলালিংকের থ্রিজি সেবা পাওয়া যাচ্ছে। বাংলালিংকের যেসব গ্রাহক থ্রিজি সুবিধা উপভোগ করছেন তারা একইসঙ্গে ভিডিও কলও করতে পারবেন।
অনুষ্ঠানে বাংলালিংকের সিইও জিয়াদ সাতারা বলেন, বাংলালিংক সবসময়ই বাংলাদেশে টেলিযোগাযোগ প্রযুক্তিতে পথিকৃতের ভূমিকা পালন করছে। বর্তমানে বাংলাদেশের বাংলালিংকের গ্রাহক প্রায় দুই কোটি ৮০ লাখের মত।