খালেদা জিয়ার প্রস্তাব আদৌ বাস্তবায়ন সম্ভব নয় :শিল্পমন্ত্রী
প্রকাশ : ২২ অক্টোবর ২০১৩, ২১:৫৩
শিল্পমন্ত্রী ও বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া বলেছেন, বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়া নির্বাচনকালীন সরকারের যে প্রস্তাব দিয়েছেন তা বর্তমান শাসনতান্ত্রিক ব্যবস্থায় আদৌ বাস্তবায়ন সম্ভব নয়। তিনি বলেন, বেগম জিয়া এ প্রস্তাবের মাধ্যমে রাজনৈতিক অঙ্গনকে জটিল ঘূর্ণাবর্তের দিকে ঠেলে দিতে চাচ্ছেন। তিনি আরো বলেন, বরং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনকালীন সর্বদলীয় অন্তর্বর্তী সরকারের প্রস্তাব সংলাপের ভিত্তি হিসাবে বিবেচিত হতে পারে। এ সংলাপের মধ্যদিয়ে অমীমাংসিত ইস্যুগুলো মীমাংসা করে সকলের নিকট গ্রহণযোগ্য একটি ফর্মূলা বের হয়ে আসতে পারে। মঙ্গলবার রাজধানীর পুরানা পল্টনে একটি রেস্তোরাঁয় বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল) আয়োজিত ‘চলমান রাজনৈতিক পরিস্থিতিতে করণীয়’ শীর্ষক এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তৃতায় শিল্পমন্ত্রী ও দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে দলের পলিটব্যুরো সদস্য ধীরেন সিং, লুত্ফর রহমান, প্রদ্যুত্ কুমার, দলের কেন্দ্রীয় সদস্য বাবুল বিশ্বাস, দেলোয়ার হোসেন, তাইজুল¬াহ ফারুক, হারুণ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। মন্ত্রী বলেন, বেগম জিয়ার প্রস্তাবের মধ্যদিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রস্তাব ও সদিচ্ছাকে অবমূল্যায়ন করা হলে রাজনৈতিক সংকট আরো গভীরতর হবে। এতে জনমনে শংকা ও উদ্বেগ আরো বাড়বে। রাজনীতিবিদদের প্রতি জনগণের আস্থার সংকট ঘণীভূত হবে।