নিজামীর বিরুদ্ধে কেউ অভিযোগ করেনি

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর পক্ষে দ্বিতীয় সাফাই সাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মো. শামসুল আলম। গতকাল মঙ্গলবার বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বাধীন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১ এ দেয়া জবানবন্দিতে তিনি বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় শত শত লোকের বিরুদ্ধে বিভিন্ন অপরাধ করার অভিযোগ এসেছিলো। কিন্তু মতিউর রহমান নিজামী অপরাধ করেছে এমন কোন অভিযোগ কেউ করেনি। জবানবন্দি শেষে তাকে জেরা করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোহাম্মদ আলী। জেরা শেষে পরবর্তী সাক্ষীর সাক্ষ্য গ্রহণের জন্য আজ বুধবার দিন ধার্য করা হয়েছে। জবানবন্দিতে সাক্ষী শামসুল আলম (৬২) বলেন, দেশ স্বাধীন হওয়ার পরে আমি আমাদের কমান্ডার ইকবাল হোসেন এবং মকবুল হোসেন সন্টুর সাথে পাবনার সাথিয়া, সুজানগর, বেড়াসহ বিভিন্ন থানা এলাকায় গিয়েছি। যুদ্ধের সময় অপরাধ করেছে এমন শত শত লোকের বিরুদ্ধে আমাদের নিকট অভিযোগ করা হয়েছিলো। কিন্তু কোন লোক মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে অভিযোগ করেনি।