মাধ্যমিক শিক্ষকদের
মহাসমাবেশ কাল,
গ্রেফতারের নিন্দা
প্রকাশ : ২২ অক্টোবর ২০১৩, ২১:৫৪
চাকরি জাতীয়করণের দাবিতে মাধ্যমিক শিক্ষকদের জাতীয় প্রেসক্লাবে ডাকা মহাসমাবেশ ভণ্ডুল করতে শিক্ষকদের গ্রেফতার করে রিমান্ডে নেয়া হচ্ছে বলে অভিযোগ করেছে শিক্ষক-কর্মচারি ঐক্যজোট ও বাংলাদেশ শিক্ষক সমিতি। গতকাল মঙ্গলবার পৃথক পৃথক বিবৃতিতে সংগঠন দু’টির পক্ষ থেকে বলা হয়, সরকার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের চাকরি জাতীয়করণ চায় না। এ কারণে নানা কৌশলে শিক্ষকদের আন্দোলন বানচাল করতে চাইছে। শিক্ষক-কর্মচারি ঐক্যজোটের প্রধান সমন্বয়কারী সেলিম ভুঁইয়া বলেন, মহাসমাবেশে যাতে অংশ নিতে না পারে সে কারণে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের ১৮ জন নেতাকে ইতিমধ্যে গ্রেফতার করে ১ দিনের রিমান্ডে নিয়েছে। শিক্ষক সমাজ এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। তিনি বলেন, যে কোন মূল্যে ২৪ অক্টোবরের মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।