রাঙ্গামাটি জেলা প্রশাসক গোল্ডকাপ

উদ্বোধনী দিনে রাঙ্গামাটি হারালো বাঘাইছড়িকে

রাঙ্গামাটিতে শুরু হওয়া জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় গতকাল মঙ্গলবার বিকেলে রাঙ্গামাটি সদর উপজেলা একাদশ ৩-২ গোলে বাঘাইছড়ি উপজেলা একাদশকে পরাজিত করে। রাঙ্গামাটি জেলার ১০টি উপজেলা দল এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। আজ মাঠে নামবে নানিয়ারচর উপজেলা ও জুরাছড়ি উপজেলা দল। জেলার চিং হ্লা মং চৌধুরী মারী স্টেডিয়ামে উভয় দল প্রথমার্ধে একাধিক সুযোগ নষ্ট করলেও ৩১ মিনিটে বাঘাইছড়ি বিজয় চাকমার গোলে এগিয়ে নেয়। গোল পরিশোধে মরিয়া রাঙ্গামাটি সদর উপজেলা দলের মিন্টু চাকমা গোলটি শোধ করে সাত মিনিট পরই সমতা আনেন। এরপর দ্বিতীয়ার্ধের ১০ মিনিটে রাঙ্গামাটি সদর উপজেলা রনবীর চাকমার গোলে ২-১ ব্যবধান গড়ে নেয়। এ অর্ধের ৩২ মিনিটে পেনাল্টি থেকে রনবীর আবারো গোল করে দলের ব্যবধান দাঁড়ায় ৩-১। ছয় মিনিটের মধ্যে মিশুক চাকমার গোলে বাঘাইছড়ি ব্যবধান (৩-২) কমিয়ে আনলেও শেষ পর্যন্ত হার মেনেই মাঠ ছাড়ে। খেলায় পূর্ণ ত্রিপুরা রেফারি ও তার সহকারী ছিলেন শফিউল নেজাম ও মোঃ সোহেল। এর আগে প্রতিযোগিতার উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিদ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা। রাঙ্গামাটি জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ ব্যবস্থাপনায় এ টুর্নামেন্ট আয়োজনে সহায়তা দিচ্ছে বেসরকারি মোবাইল অপারেটর ‘রবি’। এ সময় রাঙ্গামাটি জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ মোস্তফা কামাল, পুলিশ সুপার আমেনা বেগম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মোঃ মুছা মাতব্বর, পৌর মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো উপস্থিত ছিলেন।