কক্সবাজারে উপজেলা ফুটবল চ্যাম্পিয়নশিপ শুরু

কক্সবাজারে শুরু হওয়া উপজেলা ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী দিনে গতবারের চ্যাম্পিয়ন চকরিয়া উপজেলা দল টেকনাফ উপজেলা দলকে ৪-০ গোলে পরাজিত করেছে। নাইজেরিয়ান লাকী একাই দুই গোল করেন। অপরদুটি গোল আসে ইব্রাহিম ও আফসারের কাছ থেকে। গতকাল মঙ্গলবার বিকালে কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমীন স্টেডিয়ামে (জেলা স্টেডিয়াম) এ প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন। আজ বুধবারের খেলায় মুখোমুখি হবে মহেশখালী উপজেলা ও রামু উপজেলার দল। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অধ্যক্ষ জসিমউদ্দিন জানান, একটি শক্তিশালী জেলা ফুটবল দল গঠনের লক্ষ্যে খেলোয়াড় বাছাইয়ের জন্য দ্বিতীয়বারের মত এ আসরের আয়োজন করা হয়েছে। তিনি জানান, এবারের টুর্নামেন্টের টাইটেল স্পন্সর হয়েছে হোটেল মিডিয়া ইন্টারন্যাশনাল লিমিটেড। এছাড়া স্টেডিয়ামটিতে আগামী মাসের শেষ দিকে ক্রিকেট লিগও আয়োজন করা হবে বলে জানান তিনি।