নিষেধাজ্ঞার মধ্যেই আইনজীবী মহাসমাবেশে বক্তব্য দেবেন খালেদা জিয়া

সভা-সমাবেশ নিষেধাজ্ঞার মধ্যেই আইনজীবীদের মহাসমাবেশে বক্তব্য রাখবেন বিরোধী দলীয় নেত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। আগামী শনিবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ এই মহাসমাবেশ আহবান করেছে। সারাদেশ থেকে আইনজীবীরা এই সমাবেশে যোগ দিচ্ছেন। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন মহাসমাবেশ প্রস্তুত কমিটির আহবায়ক ও বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান এডভোকেট খন্দকার মাহবুব হোসেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সভাপতি ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, এডভোকেট জয়নুল আবেদীন, সুপ্রিম কোর্ট বারের সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এমপি, বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, এডভোকেট গোলাম মোহাম্মদ চৌধুরী আলাল, ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী প্রমুখ।