সিরাজগঞ্জে আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষে আহত ২৫
প্রকাশ : ২২ অক্টোবর ২০১৩, ২২:৫৬
সিরাজগঞ্জ পৌর এলাকার একডালা মহল্লায় আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে ১০টি বাড়ি-দোকানে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। মঙ্গলবার বেলা ১২টা থেকে দেড়টা পর্যন্ত এ সংঘর্ষ চলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শাফি ভুঁইয়ার সঙ্গে একডালা ধোপাবাড়ী মহল্লার ছাত্রলীগ ও যুবলীগের কয়েকজনের রাজনৈতিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে গত শুক্রবার রাতে শাফি ভুঁইয়ার উপর হামলা চালানো হলে তিনি গুরুতরভাবে আহত হন। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার জের ধরে মঙ্গলবার বেলা ১২টা থেকে দেড়টা পর্যন্ত একডালা মহল্লার আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মাঝে দফায় দফায় সংঘর্ষ হয়। সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম জানান, গত কয়েকদিন ধরে একডালা ও ধোপাবাড়ী মহল্লায় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষ হচ্ছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।