কাশিয়ানীতে ঢাকা-খুলনা মহাসড়কে ছাত্রলীগের অবরোধ বিক্ষোভ

গোপালগঞ্জের কাশিয়ানীতে উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি বাতিলের দাবিতে ছাত্রলীগের বঞ্চিত গ্রুপ ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছে। ২৪ ঘণ্টার মধ্যে ঘোষিত ‘পকেট কমিটি’ বাতিল করে পুনরায় নতুন কমিটি গঠন করা না হলে আজ বুধবার কাশিয়ানী উপজেলা সদরে আধাবেলা হরতাল দিয়েছে ছাত্রলীগের একটি গ্রুপ। অবরোধ চলাকালে কাশিয়ানী এম.এ খালেক ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি ইয়াসির আরাফাত সুমন, সাধারণ সম্পাদক মোঃ তৌহিদুর রহমান, কলেজ ছাত্র সংসদের ভিপি আজাদ হোসেন মৃধা ও জিএস. এমদাদুল ইসলাম স্বপন এবং লিটন মোল্লা, রাকিব মুন্সিসহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বেলা ১১টায় ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার পোনা বাসস্ট্যান্ডে ছাত্রলীগ নেতা-কর্মীরা ব্যারিকেড দিয়ে টায়ার জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভ প্রদর্শন করেন। এসময় সড়কের উভয় পাশে যানবাহন আটকা পড়ে। দুপুর ১২টার দিকে পুুলিশের অনুরোধে অবরোধ প্রত্যাহার করে নেয়া হয়। কাশিয়ানী এম.এ খালেক ডিগ্রি কলেজ ছাত্রলীগ সভাপতি ইয়াসির আরাফাত সুমন জানান, সোমবার ত্যাগী নেতা-কর্মীদের বাদ দিয়ে সাইফুল ইসলাম মোল্লা দুখুকে সভাপতি ও তুহিন খানকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি গঠন করা হয়। ২৪ ঘণ্টার মধ্যে নতুন কমিটি বাতিলের আল্টিমেটাম দিয়েছি। না হলে বুধবার কাশিয়ানীতে আধাবেলা হরতাল পালন করবো। জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল হামিদ জানান, গঠনতন্ত্র মোতাবেক ত্যাগী ও সক্রিয় নেতা-কর্মীদের নিয়ে কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে।