আসছে আইপ্যাড এয়ার, রেটিনা ডিসপ্লে’র আইপ্যাড মিনি
প্রকাশ : ২৩ অক্টোবর ২০১৩, ১৮:৪১
নতুন সংস্করণের আইপ্যাড নিয়ে জল্পনা-কল্পনা চলছে অনেকদিন থেকেই। সেসব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এবারে আগের সব সংস্করণের চাইতে অনেক বেশি হালকা-পাতলা আইপ্যাড এয়ার অবমুক্ত করেছে টেক জায়ান্ট অ্যাপল। সেই সাথে আইপ্যাড মিনিতেও তারা যুক্ত করেছে রেটিনা ডিসপ্লে। নতুন আইপ্যাড এয়ারের আকার রয়েছে আগের মতোই—৯.৭ ইঞ্চি। তবে এর পুরুত্ব ২০ শতাংশ কমে হয়েছে ৭.৫ মিলিমিটার। আর এর ওজন হয়েছে ৪৬৯ গ্রাম। অ্যাপল দাবি করেছে, পূর্ণাঙ্গ আকৃতির ট্যাবলেট পিসির মধ্যে এটিই সবচেয়ে পাতলা। পুরুত্বে কম হলেও প্রসেসিং শক্তিতে এটি এগিয়েই থাকবে। কারণ এতে ব্যবহার করা হয়েছে অ্যাপল’র সর্বশেষ সংস্করণের ৬৪-বিটের এ৭ চিপ। এর সাথে এম৭ মোশন কোপ্রসেসর ব্যবহার করায় এর কাজের গতি আগের চাইতে পাঁচগুণ পর্যন্ত বেশি পাওয়া যাবে। এর ৫ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরার সাথে রয়েছে ফ্রন্টফেসিং ১.২ মেগাপিক্সেল রেজ্যুলেশনের এইচডি ক্যামেরা। আর নতুন আইপ্যাড এয়ারে ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে ১০ ঘণ্টা পর্যন্ত। অন্যদিকে নতুন আইপ্যাড মিনিতেও যুক্ত হয়েছে নতুন চমক। এই প্রথমবারের মতো আইপ্যাড মিনি’র ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে রেটিনা ডিসপ্লে, যার রেজ্যুলেশন ২০৪৮ বাই ১৫৩৬ পিক্সেল। পাশাপাশি এতে আইপ্যাড এয়ারের মতো এ৭ চিপ ব্যবহার করায় ৭.৯ ইঞ্চি আকৃতির এই মিনি আইপ্যাড বাজারের অন্য ছোট আকৃতির ট্যাবলেট পিসিগুলোর সাথে প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে থাকবে বলেই আশা করছে অ্যাপল। নভেম্বরের শুরু থেকেই নতুন এই দুই মডেলের আইপ্যাড বাজারে পাওয়া যাবে। উভয় মডেলই পাওয়া যাবে ধূসর এবং রূপালী রঙে। গত মঙ্গলবার রাতে ক্যালিফোর্নিয়ায় অ্যাপল ইভেন্টে অবশ্য অ্যাপল আইপ্যাডের নতুন এই দুই মডেলের বাইরেও তাদের ম্যাক অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণের ঘোষণাও দিয়েছে। আর তাতেও রয়েছে চমক। ওএস এক্স ১০.৯ বা ‘ম্যাভেরিক’ কোড নামের এই সংস্করণটি গ্রাহকদের জন্য বিনামূল্যেই প্রদান করছে অ্যাপল। ম্যাক ব্যবহারকারীদের জন্য বিশাল একটি সুখবর হয়েই এসেছে অ্যাপল’র এই ঘোষণা।