ভ্রাম্যমাণ প্রতিনিধি
ঝিনাইদহে অস্ত্র ও গুলিসহ এক অস্ত্র ব্যবসায়ী হবিবর রহমানকে (৪০) আটক করেছে গোয়েন্দা পুলিশ। রবিবার ভোর রাতে মহেশপুর উপজেলার সলেমানপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। তিনি মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা পূর্বপাড়ার মতিয়ার রহমানের ছেলে।
গোয়েন্দা পুলিশের ওসি জাহাঙ্গীর হোসেন জানান, অস্ত্র কেনা-বেচা হচ্ছে এমন খবরের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল মহেশপুরের সলেমানপুরে অভিযান চালায়। এ সময় হবিবর রহমানকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে একটি ওয়ান শুট্যার গান ও ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আটককৃত হবিবর ভারত থেকে অবৈধভাবে অস্ত্র এনে দেশে বিক্রি করছিল বলে তিনি আরো জানান।