শাহরুখ খান নিষিদ্ধ
প্রকাশ : ২৩ অক্টোবর ২০১৩, ২১:৩৪
শচীন টেন্ডুলকার আগামী মাসে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে ২শ’তম টেস্ট খেলবেন। পেশাদার ক্রিকেটে এ টেস্টই হবে লিটল মাস্টারের শেষ ম্যাচ। তাই ভক্তরা এ ম্যাচটি দেখার জন্য মুখিয়ে আছে। কিন্তু বলিউডের বিখ্যাত নায়ক এবং কোলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান এ ম্যাচটি মাঠে থেকে দেখতে পারবেন না। কারণ, ২০১২ আইপিএলে এক অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে বলিউড তারকাকে ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রবেশে পাঁচ বছরের নিষেধাজ্ঞা দেয় এমসিএ। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এমসিএ সভাপতি শারদ পাওয়ার বলেন, ‘এমসিএ অঙ্গনে যাদের প্রবেশে বাধা নেই সে সকল ব্যক্তিই প্রবেশ করতে এবং টেস্ট ম্যাচটি স্বচক্ষে দেখতে পারবে।’ শচীনের কাছের মানুষরা যাতে এ ম্যাচটি মাঠে থেকে দেখতে পারে সেজন্য তাকে ৫শ টিকেট দেয়া হবে। তারপরও ক্রিকেট ঈশ্বর চাইলেও তার শেষ ম্যাচে মাঠে থাকতে পারবেন না কিং খান।