কক্সবাজারে আন্ত: উপজেলা ফুটবল

মহেশখালীকে হারিয়ে রামু সেমিতে

কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে অনুষ্ঠানরত আন্ত: উপজেলা হোটেল মিডিয়া ফুটবল চ্যাম্পিয়নশিপে গতকাল বুধবারের খেলায় মহেশখালী উপজেলা দলকে ২-১ গোলে হারিয়েছে শিরোপা প্রত্যাশী রামু উপজেলা। মেঘাচ্ছন্ন বিকালে অনুষ্ঠিত তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলাটিতে শেষ মুহূর্তের ভুলের খেসারত দিল মহেশখালী দল। বিজয়ী দলের নাইজেরিয়ান পিটার একাই গোলদুটি করেন। উপভোগ্য খেলাটিতে মহেশখালী হারলেও তারা দর্শকদের প্রচুর আনন্দ দিয়েছে। মাঠভর্তি দর্শক নিয়ে গতকাল রামুর সাথে প্রায় সমানতালে লড়ে মহেশখালী। তবে ফুটবল ঐতিহ্যের বিচারে রামু এমনিতেই শক্তিশালী ফুটবল দল। এ দলে ধীমান, জাহাঙ্গীর, দিদারদের মত দক্ষ খেলোয়াড় ছাড়াও বিদেশি রিক্রুট পিটার ও ব্রাইট খেলছেন। ফলে দলটি টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দলে পরিণত হয়। তবে লড়াইয়ে মহেশখালী হেরে গেলেও দেখারমত ফুটবল খেলেছে- মনির, ফাহাদ, বাদশা ও মতিরা। মাঠের লড়াইয়ে এ দু’দল সমানে খেললেও রামুকে বাঁচিয়েছে নাইজেরিয়ান পিটার। দ্বিতীয়ার্ধের শেষ দিকে তার করা দু’গোলেই রামু ম্যাচ বের করে নেয়। এ জয়ে রামু পৌঁছে গেছে কাঙ্ক্ষিত সেমিফাইনালে। ২৬ অক্টোবর প্রথম সেমিফাইনালে রামুর প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন ও প্রতিযোগিতার প্রথম খেলায় টেকনাফকে উড়িয়ে সেমিফাইনালে ওঠা ফেভারিট চকরিয়া। রামুর জয়ের নায়ক পিটার ম্যাচ সেরা’র পুরস্কার পান। তার হাতে পুরস্কার তুলে দেন সাবেক তারকা ফুটবলার ছিদ্দিক আহমেদ ও টুর্নামেন্ট কমিটির সম্পাদক হারুন-অর-রশিদ। আজকের খেলাঃ- কুতুবদিয়া বনাম পেকুয়া উপজেলা ফুটবল দল বেলা ২টায়।