চট্টগ্রাম সিনিয়র ডিভিশন ফুটবল লিগ অনিশ্চিত

চলতি মৌসুমে চট্টগ্রাম সিনিয়র ডিভিশন ফুটবল লিগ অনিশ্চিত হয়ে পড়েছে। শুরুর সম্ভাবনা একেবারে ক্ষীণ। জেলা ফুটবল এসোসিয়েশন গঠনের পর গত কয়েক বছর ধরে সিনিয়র ডিভিশন ফুটবল লিগ ধারাবাহিকভাবে হয়ে আসছে। কিন্তু চলতি সনে এখনো লিগ আয়োজনের ঘোষণা না আসায় ফুটবলারদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। চলতি মাসের শেষ সপ্তাহে সিনিয়র ডিভিশন ফুটবল মাঠে গড়ানোর সিদ্ধান্ত হয়েছিল গত ১৭ আগস্ট অনুষ্ঠিত জেলা ফুটবল এসোসিয়েশনের সভায়। এর আগে ১ অক্টোবর থেকে ৩ অক্টোবর পর্যন্ত খেলোয়াড়দের দল-বদলের দিনক্ষণ চূড়ান্ত হয়। কিন্তু আসন্ন বিশ্বকাপ টি-২০ ক্রিকেটের দলগুলোর অনুশীলন ভেন্যু হিসাবে এমএ আজিজ স্টেডিয়ামকে বিসিবি’র আওতায় চলে যাওয়ায় চট্টগ্রামের ফুটবলাররা পড়ে যায় অনিশ্চিয়তায়। খেলোয়াড়দের দল-বদলের তারিখ কয়েক দফায় পরিবর্তন করা হয়। সর্বশেষ দল-বদল হওয়ার কথা ছিল ঈদুল আজহার তিনদিন পর। কিন্তু লিগ কমিটির কোন সাড়া পাওয়া যায়নি এ ব্যাপারে। কমিটির নীরব ভূমিকায় খেলোয়াড়েরা বুঝে নিলেন এবার আর সিনিয়র ডিভিশন ফুটবল লিগ হচ্ছে না। তবে ফুটবল লিগ কমিটি জানিয়েও দিচ্ছে না চলতি সনে ফুটবল মাঠে গড়াবে কিনা? তবে সিজেকেএস ফুটবল সম্পাদক আল্লামা মোহাম্মদ ইকবাল দৈনিক ইত্তেফাককে জানান, আসন্ন বিশ্বকাপ টি-২০ ক্রিকেট চলা পর্যন্ত এমএ আজিজ স্টেডিয়ামে কোন ধরনের লিগ বা টুর্নামেন্ট হতে পারবে না। কারণ জেলার একমাত্র ভেন্যুটি এখন বিসিবি’র অধীনে। ফলে ফুটবল লিগ আয়োজনের জন্য বিকল্প ভেন্যুর চিন্তা-ভাবনা চলছে। ভেন্যু পাওয়া সাপেক্ষে দল-বদল কর্মসূচির দিনক্ষণ পুনরায় দেয়া হবে। চট্টগ্রাম সিনিয়র ডিভিশন ফুটবল লিগে ১০টি এবং প্রথম বিভাগ ফুটবল লিগে ১০টিসহ সর্বমোট ২০টি ক্লাব রয়েছে। এমএ আজিজ স্টেডিয়াম ছাড়া বিকল্প ভেন্যুতে অংশগ্রহণকারী দলগুলো খেলবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। বিকল্প ভেন্যুর ব্যাপারে লিগ কমিটি ও ক্লাব প্রতিনিধিদের বৈঠক করার কথা রয়েছে। কিন্তু বৈঠক ফলপ্রসূ হবে কিনা সন্দেহ পোষণ করেছেন অনেকেই। চট্টগ্রামের ক্রীড়াঙ্গনের অভিজ্ঞ সংগঠক ও খ্যাতনামা ফুটবল প্রশিক্ষক নজরুল ইসলাম লেদুকে বিকল্প ভেন্যুর ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি জানান, সিনিয়র ডিভিশন ফুটবল খোলা মাঠে আয়োজন কতটুকু যুক্তিকতা নিয়ে চিন্তা-ভাবনার প্রয়োজন রয়েছে। উত্তেজনার খেলা ফুটবল। মাঠে কিছু ঘটে গেলে সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সকল সমস্যা খোলা মাঠে সমাধান করা কঠিন হয়ে পড়ে। ফলে চার দেয়ালের বাইরে লিগ আয়োজন যুক্তিসঙ্গত নয়। জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় মাসুদ পারভেজ কায়সার বলেন, ফুটবল লিগের ধারাবাহিকতা নষ্ট হলে ক্ষতি হবে উঠতি ফুটবলারদের। কারণ লিগে খেলার সুযোগেই একজন খেলোয়াড় নিজেকে প্রমাণ করতে পারেন।