রাঙ্গামাটিতে ডিসি গোল্ডকাপ
নানিয়ারচর উপজেলা দল জয়ী
এ কে এম মকছুদ আহমেদ, রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশ : ২৩ অক্টোবর ২০১৩, ২১:৩৬
রাঙ্গামাটিতে অনুষ্ঠানরত জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে নানিয়ারচর উপজেলা দল ২-১ গোলে জুরাছড়ি উপজেলা দলকে হারিয়েছে। গতকাল বুধবার বিকেলে রাঙ্গামাটি চিং হ্লা মং চৌধুরী মারী স্টেডিয়ামে টুর্নামেন্টের দ্বিতীয় দিনের খেলায় সুমেধ চাকমার গোলে নানিয়ারচর উপজেলা দল এগিয়ে যায়। বিরতির পর চতুর্থ মিনিটেই সমতা ফেরায় জুরাছড়ি উপজেলা দলের শুভ চাকমা। দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটে নানিয়ারচর উপজেলা দলের জয়সূচক গোলটি করেন রিগ্যান চাকমা। খেলা পরিচালনা করেন মোঃ সোহেল। আজ বৃহস্পতিবার মাঠে নামবে লংগদু উপজেলা দল ও রাজস্থলী উপজেলা দল। রাঙ্গামাটি জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ ব্যবস্থাপনায় এ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা দেন বেসরকারি মোবাইল কোম্পানী রবি।