শ্রীলংকার দায়িত্ব নেবেন না গ্রেগ চ্যাপেল
প্রকাশ : ২৩ অক্টোবর ২০১৩, ২১:৩৬
সাবেক অস্ট্রেলিয়া অধিনায়ক গ্রেগ চ্যাপেল শ্রীলংকা ক্রিকেট দলের দায়িত্ব নিচ্ছেন বলে ভারতীয় গণমাধ্যমে খবর প্রকাশিত হওয়ার একদিন পরই ইএসপিএন ক্রিকিনফো প্রকাশিত খবরে বলা হয়, কোচ হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন চ্যাপেল। আজ সকালে প্রকাশিত খবরে বলা হয়, পারিবারিক কারণেই শ্রীলংকা ক্রিকেটের (এসএলসি) প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন ৬৫ বছর বয়সী চ্যাপেল।
আগামী জানুয়ারিতে বর্তমান চুক্তির মেয়াদ শেষ হলে আর চুক্তি নবায়ন করবেন না বলে গত মাসেই এসএলসিকে জানিয়ে দিয়েছেন দলটির বর্তমান কোচ দক্ষিণ আফ্রিকান গ্রাহাম ফোর্ড। ফোর্ড ইতোমধ্যেই ইংলিশ কাউন্টি দল সারের কোচ হিসাবে চুক্তি করেছেন এবং আগামী ফেব্রুয়ারিতে নতুন দায়িত্ব নেবেন।
দায়িত্ব নেয়ার মাত্র তিন মাস পর অস্ট্রেলিয়ান জিয়ফ মার্শ বরখাস্থ হলে এ বছরের শুরুর দিকে শ্রীলংকা দলের কোচের দায়িত্ব নেন ফোর্ড। এসএলসি সূত্রে জানা গেছে, মোট ১১ জন এ পদে দায়িত্ব নেয়ার আগ্রহ প্রকাশ করেছে। যার মধ্যে ৮ জনই বিদেশি। সাবেক কোচ ট্রেভর বেলিসের অধীনে ২০০৭-২০০৯ সাল পর্যন্ত শ্রীলংকা দলের সহকারি কোচের দায়িত্ব পালন করা পল ফারব্রেস সম্প্রতি আইল্যান্ড ক্রিকেট পত্রিকাকে বলেন, কোচের দায়িত্ব নিতে তিনি আগ্রহী। বাসস