পরিবেশ দূষণের দায়ে ছয় প্রতিষ্ঠানকে জরিমানা

দূষণবিরোধী অভিযান কার্যক্রম হিসেবে পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট) মোঃ আলমগীর মঙ্গলবার হাসপাতাল ও অন্যান্য শিল্প প্রতিষ্ঠানসহ ছয়টি প্রতিষ্ঠানের মালিক/প্রতিনিধি-কে পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তর, ঢাকায় তলব করে শুনানি শেষে পরিবেশগত ক্ষতিসাধনের জন্য ২৬ লাখ টাকা জরিমানা করেন। পরিবেশগত ছাড়পত্র গ্রহণ ছাড়া এবং হাসপাতাল বর্জ্যের যথাযথ নিষ্পত্তির ব্যবস্থা না করে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করে পরিবেশের ক্ষতিসাধনের দায়ে ফার্মগেটস্থ আল রাজি হাসপাতালকে ৫ লাখ টাকা; আজিমপুরস্থ মেডি-কম-ডায়াগনেস্টিক সেন্টারকে ৫০ হাজার; লালবাগস্থ লালবাগ প্যাথলোজিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার ছাড়াও কারখানার চিমনী/ফিউম এক্সট্রাকশন সিস্টেম/ডাস্ট কালেক্টর সিস্টেম ত্রুটিপূর্ণ/ অকার্যকর রেখে কারখানা পরিচালনা করে পরিবেশ দূষণের অপরাধে শ্যামপুরের রানী স্টীল মিলসকে ৪ লাখটাকা; এবং বহুতল ভবনের চারপাশের খোলা জায়গা পাকা করে ভবন নির্মাণ এবং পরিবেশ ছাড়পত্র নবায়ন ছাড়া ভবন পরিচালনার দায়ে মালিবাগ, চৌধুরীপাড়াস্থ ইম্পেরিয়াল টাওয়ারকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়াও, পরিবেশগত ছাড়পত্র নবায়ন ছাড়া ও জেনারেটর দ্বারা শব্ধ দূষণ ও ত্রুটিপূর্ণ ডাষ্ট কালেক্টরের মাধ্যমে কারখানা পরিচালনা করে পরিবেশ ক্ষতিসাধনের জন্য মানিকগঞ্জে অবস্থিত আকিজ পার্টিকেল বোর্ড মিল লিঃ,কে ১২ লাখ টাকা জরিমানা করা হয়। পরিবেশ অধিদপ্তরের শুনানিতে অংশগ্রহণকারী বর্ণিত প্রতিষ্ঠানসমূহের পক্ষে উপস্থিত মালিক/প্রতিনিধিরা অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন এবং প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণের অঙ্গীকার করেন। -প্রেস বিজ্ঞপ্তি