দেশের বিভিন্ন স্থানে পৃথক সংঘর্ষে আহত ৪০
প্রকাশ : ২৩ অক্টোবর ২০১৩, ২১:৪৫
দেশের বিভিন্ন স্থানে জমি দখল, মিছিল মিটিং ও পাল্টাপাল্টি সভাসহ বিভিন্ন ঘটনায় উত্তেজনা বিরাজ করছে। ফলে অনেক জায়গায় প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হয়েছে। কোথাও কোথাও সংঘর্ষের ঘটনায় আহত হওয়ার ঘটনাও ঘটেছে। খবর ইত্তেফাক সংবাদদাতাদের
টাঙ্গাইল
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার কালিবাড়িতে গতকাল বুধবার সকালে ছাত্রদল ও ছাত্রলীগ-যুবলীগের সংঘর্ষে দু’জন আহত হয়েছেন। আহতরা হচ্ছেন উপজেলা যুবলীগের ক্রীড়া সম্পাদক জালাল উদ্দিন ও ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক নজরুল ইসলাম।
জানা যায়, ছাত্রদলের কর্মীরা হরতালের সমর্থনে পিকেটিং করার জন্য সমবেত হলে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী তাদের ধাওয়া দেয়। এ সময় ছাত্রদল পাল্টা ধাওয়া দিয়ে দু’জনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। আহতদের চিকিত্সার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুকে গ্রেফতারের প্রতিবাদে জেলা বিএনপির আহ্বানে হরতালকালে এ ঘটনা ঘটে।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুর রহমান খান শফিক জানান, গোপালপুরে ছাত্রদলের নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে হরতাল পালনকালে ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা করলে এ অপ্রীতিকর ঘটনা ঘটে।
ভূঞাপুর (টাঙ্গাইল)
বিএনপির সহ-ছাত্র বিষয়ক সম্পাদক ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুকে গ্রেফতারের প্রতিবাদে বুধবার টাঙ্গাইলে হরতালে সংঘর্ষে বিএনপির ১৫ জন ও আওয়ামী লীগের ৫ জন আহত হন। এ হামলায় বিএনপির ফরহাদ, সোহরাব, মোহন, মোমিন, বাবলু, রন্জু, সবুজ, রুবেল, উথান, জুয়েলসহ ১৫ জন ও আওয়ামী লীগের আমিন মণ্ডল, সুরমান, মিলন, বাবুসহ ৫ জন আহত হন। গুরুতর আহত অবস্থায় বিএনপির ফরহাদ, সোহরাব, মোমিনকে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ভূঞাপুরে থমথমে পরিবেশ বিরাজ করছে। ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মো. রবিউল ইসলাম বলেন, পরিবেশ এখন শান্ত রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
গোদাগাড়ী (রাজশাহী)
গোদাগাড়ীতে গতকাল বুধবার সকালে স্কুলের জমি দখল নিয়ে মারামারিতে ১০ জন আহত হয়েছেন। জানা যায়, উপজেলার চাপাল গ্রামের বাবলু লোকজন নিয়ে রাজাবাড়ী হাট উচ্চ বিদ্যালয়ের জায়গা দখল করে দোকানঘর নির্মাণ করতে গেলে এলাকাবাসীর সঙ্গে সংঘর্ষে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা শাহ্ আলমসহ ১০ জন আহত হন। গুরুতর আহত মুক্তিযোদ্ধা শাহ্ আলম, সহকারী শিক্ষক মতিউর রহমান ও শাওয়াল হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
প্রধান শিক্ষক কামরুজ্জামান বলেন, দীর্ঘদিন ধরে বাবলু স্কুলের জায়গা দখল করে দোকানঘর করার চেষ্টা করে আসছে। ঘটনার দিন স্কুল কর্তৃপক্ষ আদালতে একটি মামলা করেন।
গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ আবু মোকাদ্দেম আলী বলেন, বিরোধপূর্ণ জায়গায় কোন স্থাপনা না করার জন্য দুইপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে।
চাটখিল ও সোনাইমুড়ী (নোয়াখালী)
সোনাইমুড়ীর আমিশাপাড়া বাজারে গত মঙ্গলবার সন্ধ্যায় সন্ত্রাসী হামলায় মন্দির ও ৮/১০টি দোকান ভাংচুর এবং আটজন আহত হয়েছেন। জানা যায়, আমিশাপাড়া বাজার বণিক সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে ফেরদৌস পরাজিত হন। এতে তার পক্ষ তৌহিদুল ইসলামের নেতৃত্বে একদল সন্ত্রাসী বাজারে হামলা চালালে এ ঘটনা ঘটে।
টেকনাফ (কক্সবাজার)
টেকনাফ যুবদলের দু’গ্রুপের একই স্থানে সভা নিয়ে ১৪৪ ধারা জারী করেছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ডা.) সেলিনা কাজী জানান, যুবদলের দু’গ্রুপের একই স্থানে সভাকে কেন্দ্র করে গতকাল বুধবার দুপুরে আইন-শৃংখলা রক্ষার স্বার্থে টেকনাফ পুরাতন বাস স্টেশনে সকল প্রকার সভা, সমাবেশ, মিছিল, পিকিটিং, মাইকিং ও শ্লোগানসহ আইন-শৃংখলা বিঘ্ন ঘটে এমন কার্যক্রম সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে আজ বৃহস্পতিবার রাত ৮টা পর্যন্ত ১৪৪ ধারার আদেশ জারী করা হয়েছে।
জাতীয়তাবাদী যুবদল উপজেলা শাখার সভাপতি রাশেদুল করিম মার্কিন ও সম্পাদক অ্যাডভোকেট মু. হাসান সিদ্দিকির নেতৃত্বে পুরাতন বাস স্টেশনে এলাকায় যুবদল প্রতিষ্ঠাবার্ষিকীর সভা ও র্যালির ঘোষণা দিলে উপজেলা যুবদল অপর গ্রুপের আহ্বায়ক দেলোযার হোসেন, যুগ্ম আহ্বায়ক মো. সেবরের নেতৃত্বে একই স্থানে একই সময়ে সভার ডাক দেয়। যার ফলে স্থানীয় প্রশাসন ১৪৪ ধারার আদেশ জারী করে।