মঠবাড়িয়ায় ব্রিজ ভেঙ্গে খালে
মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা
প্রকাশ : ২৩ অক্টোবর ২০১৩, ২১:৪৫
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার আমড়াগাছিয়া বাজার সংলগ্ন সাপলেজা-মঠবাড়িয়া খালের ওপর নির্মিত আয়রন ব্রিজটি মঙ্গলবার রাতে পাথর বোঝাই ট্রাকসহ ভেঙ্গে খালে পড়ে যায়। এসময় ট্রাক চালক মিরাজ মারাত্মক আহত হয়। তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। দেড় যুগ আগে এলজিইডি কর্তৃক নির্মিত ১০০ ফুট লম্বা ব্রিজটিতে মঠবাড়িয়া থেকে পাথর বোঝাই ট্রাক আমড়াগাছিয়া বাজারে যাওয়ার সময় ব্রিজের মাঝখান ভেঙ্গে খালে পড়ে যায়। ফলে উপজেলা সদরের সাথে আমড়াগাছিয়া ও বেতমোর ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ওই দুই ইউনিয়নের স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ প্রায় ৩০ হাজার মানুষের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান সুলতান আহমেদ জানান, ব্রিজটি আগে থেকে ঝূঁকিপূর্ণ ছিল। উপজেলা প্রকৌশলী মোঃ দেলাওয়ার হোসেন জানান, ব্রিজটি দ্রুত নির্মাণ করে যোগাযোগ ব্যবস্থা সচল করার চেষ্টা চলছে।