পাইকগাছা (খুলনা) সংবাদদাতা
পাইকগাছায় পাউবোর স্লুইস গেট দিয়ে লবণ পানি তুলে শতাধিক বিঘার পাকা বোরো ধান তলিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পাইকগাছা উপজেলার পানি উন্নয়ন বোর্ডের ১৬নং পোল্ডারের পৌর সদর লগ্ন বয়রার স্লুইস গেট ও বাইশারাবাদ স্লুইস গেট দিয়ে লবণ পানি ঢুকে ঘোষাল ও বান্দিকাটি মৌজায় শতাধিক বিঘা জমির বোরো পাকা ধান তলিয়ে গেছে। শুধু তাই নয়, পৌরসভার ৩ ও ৫নং ওয়ার্ডের বিভিন্ন স্থানও লবণ পানিতে তলিয়ে গেছে।
বান্দিকাটি গ্রামের কৃষক এনায়েত আলী বলেন, ‘আমার পাকা ধান অর্ধেক কেটেছি, সেই মুহূর্তে লবণ পানি ঢুকে তলিয়ে গেছে। একইভাবে এলাকার শতাধিক বিঘার পাকা বোরো ধান তলিয়ে গেছে।’
পানি উন্নয়ন বোর্ডের পাইকগাছা উপ-বিভাগীয় প্রকৌশলী উপ-সহকারী কর্মকর্তা (শাখা-১) ফরিদ আহমেদ জানান, কী কারণে কীভাবে সেটা খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।