র্যাব পরিচয়ে টাকা ছিনতাই সেনা সদস্যসহ আটক ৫

৫ সদস্যের একদল দুষ্কৃতিকারী গত মঙ্গলবার রাতে র্যাব পরিচয়ে ৩ ব্যক্তিকে ৬ লক্ষ টাকাসহ অপহরণ করতে গিয়ে ধরা পড়েছে। আটক ৫ জনের মধ্যে ১ জন সেনা সদস্যকে মঙ্গলবার রাতে কুমিল্লা সেনা নিবাস কর্মকর্তাদের হাতে সোপর্দ করা হয়েছে। অপর ৪ জনের জন্য ৭ দিনের রিমান্ডে চেয়ে আবেদন করেছে বেগমগঞ্জ থানা পুলিশ। সূত্র জানিয়েছে, সেনা সদস্য আল আমীন কিশোরগঞ্জের বাজিতপুরের মোঃ রফিক, গোপালগঞ্জের আহম্মদ হোসেন, নোয়াখালীর সোনাইমুড়ির মোঃ খোকন ও সদর উপজেলা মোঃ আউয়াল মঙ্গলবার নিজেদেরকে র্যাব পরিচয় দিয়ে মাইজদী থেকে নূরুল আমীন, নূরুজ্জামান ও জাহাঙ্গীর আলম নামে ৩ ব্যক্তিকে ছয় লক্ষ টাকাসহ অপহরণ করে। অপহূতদের নিয়ে চৌমুহনীর আলীপুর দিয়ে যাওয়ার সময় অপহূতরা চিত্কার করতে থাকে। তাদের চিত্কারে গ্রামবাসী মাইক্রো আটকিয়ে অপহরণকারীদের গণধোলাই দেয়। বেগমগঞ্জ মডেল থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে আটককৃতদেরকে থানায় নিয়ে যায়। খবর পেয়ে কুমিল্লা সেনানিবাস কর্মকর্তারা এসে সেনা সদস্য আল আমীনকে সেনা আইনে বিচার করার জন্য নিয়ে যায়। বেগমগঞ্জ মডেল থানার ওসি নাজিম উদ্দিন জানান, ধৃতদের নিকট থেকে র্যাবের পোশাক, হ্যান্ড কাপ উদ্ধার করা হয়। এ ব্যাপারে থানায় মামলা হয়।