গাজীপুর থেকেই নব উদ্যমে এগিয়ে যাবে আওয়ামী লীগ

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, ২০১৩ সালে সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সর্বশেষ পরাজিত হয়েছে গাজীপুরে। যেখানে সর্বশেষ পরাজিত হয়েছিল সেখান থেকেই নব উদ্যামে এগিয়ে যাওয়া হবে। তিনি বলেন, আগামী ৩১ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাজীপুরে এসে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এদিন তিনি গাজীপুরে ভাওয়াল বদরে আলম সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন। যোগাযোগমন্ত্রী গতকাল বুধবার সকালে গাজীপুরে বাস র্যাপিড ট্রানজিট রোড এবং জয়দেবপুর থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত ৭০ কিলোমিটার চারলেন প্রকল্পের স্থান পরিদর্শন করতে এসে সাংবাদিকদের এসব কথা জানান। তিনি বলেন, গাজীপুর-চন্দ্রা-টাঙ্গাইল মহাসড়ক চার লেনে উন্নীতকরণ ও গাজীপুরের শিববাড়ি থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত বাস র্যাপিড ট্রানজিট রোডের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। ৩১ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। যোগাযোগমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আকম মোজাম্মেল হক এমপি, গাজীপুরের জেলা প্রশাসক মোঃ নূরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান, সড়ক ও জনপথের ঢাকা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহাবুদ্দিন খান প্রমুখ।