নোয়াখালী-২ আসনে সম্ভাব্য প্রার্থীদের গণসংযোগ

আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ২০১৪ সালের জানুয়ারি মাসের মধ্যে। আর এ অবস্থায় নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ি আংশিক) আসনের সম্ভাব্য প্রার্থীরা এখন থেকে পুরোদমে মাঠে নেমেছেন। এদের মধ্যে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও প্রধান বিরোধী দল বিএনপির সম্ভাব্য প্রার্থীদের তত্পরতা সবচেয়ে বেশি। এদের মধ্যে অনেকে ঈদ শুভেচ্ছার আড়ালে নানা রংয়ের পোস্টার, বিলবোর্ড ও ফেস্টুনের মাধ্যমে এলাকাবাসিকে নিজেদের উপস্থিতি জানান দিয়েছে। এ আসনের বর্তমান এমপি বিএনপির জয়নুল আবদিন ফারুক। তিনি জাতীয় সংসদের বিরোধী দলীয় চীফ হুইপ ও কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক। জয়নুল আবদিন ফারুক ১৯৯১ সাল থেকে এ আসনে নির্বাচনে টানা জয়ী হয়ে আসছেন। ঈদ উপলক্ষে জয়নুল আবদিন ফারুক সপ্তাহ ধরে এলাকায় অবস্থান করেছেন। তিনি প্রতিদিন দলীয় সভা-সমাবেশ ও এলাকায় নানাভাবে গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময় করেছেন। এ আসন থেকে বিগত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও জনতা ব্যাংকের পরিচালক ড. জামাল উদ্দিন আহম্মেদ। তিনি এলাকায় দলীয় সভা-সমাবেশের বাইরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের কর্মসূচিতে যোগ দিচ্ছেন।