চাটমোহর (পাবনা) সংবাদদাতা
তারাবির নামাজ পড়ে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আবু হানিফ নামে এক ব্যক্তি আহত হয়েছেন। শনিবার রাত ৯টার দিকে চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের চূর্ণকার পাড়ায় এ ঘটনা ঘটে। পরে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। আহত হানিফ ওই গ্রামের মো. নাজমুল হোসেনের ছেলে এবং হরিপুর দূর্গাদাস স্কুল অ্যান্ড কলেজের লাইব্রেরিয়ান। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে হাফিজ উদ্দিন ওরফে কানা হাফিজ নামের একজনকে আটক করেছে পুলিশ। সে হরিপুর মৃধাপাড়া গ্রামের খুজি প্রামাণিকের ছেলে।
চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. মো. রুহুল কুদ্দুস ডলার বলেন, আবু হানিফ নামের ওই ব্যক্তির বুকে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তাকে প্রাথমিক চিকিত্সা দিয়ে উন্নত চিকিত্সার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
চাটমোহর থানার ওসি সেখ নাসীর উদ্দিন বলেন, হাফিজ উদ্দিন ওরফে কানা হাফিজ নামের একজনকে আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পাওয়ার পর তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।