ঈদের পরেও থামছে না বাড়তি ভাড়ার দাবি
বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা
প্রকাশ : ২৩ অক্টোবর ২০১৩, ২১:৪৭
পবিত্র ঈদুল আজহার ৭ দিন পেরিয়ে গেলেও নাটোরের বড়াইগ্রামে ঢাকাগামী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ হয়নি। দূরপাল্লার বাসের টিকেট বিক্রেতারা অতিরিক্ত ১৩০ টাকা এবং ক্ষেত্র বিশেষে তার চেয়েও বেশি ভাড়া আদায় করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এছাড়া জেলার অভ্যন্তরীণ রুটগুলোতে চলাচলকারী পরিবহনেও অতিরিক্ত ভাড়া নেয়া হচ্ছে। যাত্রীদের সাথে কথা বলে জানা গেছে, বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে বড়াইগ্রাম থেকে ঢাকার বাস ভাড়া ৩৭০ টাকা। কিন্তু ঈদের কয়েকদিন আগে থেকে ১৮০ টাকা বাড়িয়ে ৫৫০ টাকা করা হয়। এখন ঈদের ৭ দিন পেরিয়ে গেলেও অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ হয়নি। এমনকি টিকেটে কম টাকা লেখা হলেও নেয়ার সময় অতিরিক্ত হারে টাকা নেয়ার অভিযোগ রয়েছে।
বনপাড়া হাইওয়ে থানার সার্জেন্ট মাহবুব বলেন, বিষয়টি আমার জানা ছিল না। তবে ঈদের ৭ দিন পরেও অতিরিক্ত ভাড়া নেয়া ঠিক না। আমি খোঁজ নিয়ে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।