লালপুরে মহিলা এমপি ও কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে মামলা
প্রকাশ : ২৩ অক্টোবর ২০১৩, ২১:৫০
লালপুর উপজেলা ওলামালীগের সহ-সভাপতি ও গোপালপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজের ইসলাম শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক আবু ইউসুফ ঐ কলেজের গভর্নিং বডির সভাপতি ও মহিলা সংসদ সদস্য শেফালী মমতাজ এবং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বেলাল হোসেনসহ ১৬ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন। কলেজের অধ্যক্ষ পদে নিয়োগ নির্বাচনী পরীক্ষায় উপস্থিতি পত্র না পেয়ে উক্ত পদে নিয়োগে নিষেধাজ্ঞা চেয়ে সোমবার তিনি মামলাটি করেন। আদালত ঐ দিনই ৭ দিনের মধ্যে কারণ দর্শানোসহ আপত্তি দাখিল না হওয়া পর্যন্ত নিয়োগ ও নিয়োগ পরীক্ষা বিষয়ে স্থিতাবস্থা বজায় রাখার আদেশ দেন। আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে মঙ্গলবার আব্দুলপুর সরকারি কলেজে নিয়োগ পরীক্ষা শেষ করেছেন বলে মামলার বাদী আবু ইউসুফ উল্লেখ করেন।
এব্যাপারে কথা বলতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ বেলাল হোসেনের মোবাইল নম্বরে বার বার ফোন করেও পাওয়া যায়নি।