গৃহবধূ নির্যাতনকারীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন

গাইবান্ধার সাদুল্লাপুরে গৃহবধূকে যৌন নির্যাতনকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে গতকাল বুধবার মানববন্ধন ও অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। সাদুল্লাপুর থানার সামনে উপজেলার প্রধান সড়কে সচেতন এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এ মানববন্ধন ও অবরোধে জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের কর্মীসহ সর্বস্তরের লোকজন অংশ নেন। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, সাদুল্লাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আকতার বানু লাকি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহারিয়া খান বিপ্লব, সাদুল্লাপুর গার্লস কলেজের অধ্যক্ষ জাকারিয়া খন্দকার, জেলা নারী মুক্তি কেন্দ্রের সভানেত্রী রোকেয়া খাতুন, উপজেলা জাসদের সাবেক সভাপতি অধ্যাপক আনছার আলী, গার্লস কলেজের সহকারী অধ্যাপক হোসনেআরা মুন্সি, প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল হক মিলন, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক হাফিজার রহমান বাদল, ইউপি চেয়ারম্যান রেজাউল করিম রেজা, নাগরিক কমিটির সভাপতি এবিএম হান্নান মণ্ডল পিন্টু, সহপাঠী শংকরী রানী প্রমুখ। বক্তারা আরো বলেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেফতার করা না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেয়া হবে। সাদুল্লাপুর থানার ওসি জিয়া লতিফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পুলিশ দুর্বৃত্তদের গ্রেফতারের জন্য চেষ্টা চালাচ্ছে। গত ৯ সেপ্টেম্বর বিকালে ওই গৃহবধূকে কান্তানগর বাজার থেকে কৌশলে অপহরণ করে উপজেলার দামোদরপুর ইউনিয়ন যুবলীগের দপ্তর সম্পাদক মো. রানা মণ্ডল (৩০) ও তার সঙ্গীরা। পরে গত ২৪ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন স্থানে আটকে রেখে তাকে যৌন নির্যাতন করে। তারা গত ২৪ সেপ্টেম্বর তাকে বগুড়া শহরের একটি রাস্তায় ফেলে রেখে চলে যায়। সেখান থেকে ওই গৃহবধূ স্থানীয় লোকজনের সাহায্য নিয়ে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল হাসপাতালে যায়।