সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলনের সমাবেশ ২৬ অক্টোবর
প্রকাশ : ২৩ অক্টোবর ২০১৩, ২২:৫৫
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীরসাহেব চরমোনাই বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রীকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে আমরা মেনে নেব না। জাতীয় নির্বাচনেও ইসলামী আন্দোলন অংশ নেবে না। দেশের বর্তমান সঙ্কটজনক রাজনৈতিক পরিস্থিতিতে গতকাল বুধবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একই সঙ্গে তিনি আগামী ২৬ অক্টোবর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের ঘোষণা দেন।
পীরসাহেব চরমোনাই বলেন, আমরা আগে থেকেই নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য দেশ ও জনগণের স্বার্থে নির্দলীয়-নিরপেক্ষ এবং সকল দলের কাছে গ্রহণযোগ্য একজন ব্যক্তিকে নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকারের প্রধান করার দাবি করে আসছি। জনগণ শ্বাসরুদ্ধকর অবস্থায় দিন কাটাচ্ছে। আগামী দিনের রাজনৈতিক অনিশ্চয়তা এবং প্রধান দু’টি রাজনৈতিক জোটের যুদ্ধাংদেহি মনোভাবে দেশের সর্বত্র এক ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মহাজোট সরকারের মেয়াদের শেষ প্রান্তে আগামী নির্বাচন কিভাবে হবে তা এখনো চূড়ান্ত হয়নি। বর্তমান সরকার সংবিধানের পঞ্চদশ সংশোধনী পাস করায় রাজনৈতিক অনিশ্চয়তা ও সঙ্কটের সৃষ্টি হয়েছে। সংসদ বহাল রেখে নির্বাচন করলে তা হবে নির্বাচনের নামে তামাশা। দেশবাসী কোন তামাশার নির্বাচন মেনে নিবে না।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মাওলানা ইউনুছ আহমাদ, অধ্যাপক মাহবুবুর রহমান, মাওলানা গাজী আতাউর রহমান, অধ্যাপক মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন, মাওলানা ইমতিয়াজ আলম, মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, কেএম আতিকুর রহমান প্রমুখ।